সময় কলকাতা ডেস্ক:- তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে নবান্নে ডেকে পাঠান মমতা। রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নে সুব্রত বক্সিকে ডেকে দলীয় সাংগঠনিক বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণভাবে সুব্রতবাবুর সঙ্গে মমতার বৈঠক হয় কালীঘাটের অফিসেই। কিন্তু বুধবার বক্সিবাবুকে নবান্নে ডেকে পাঠান দলনেত্রী।
রাজ্যে আগামী আট মাস-ন’মাস বাদেই বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ে যাবে। যেসব ক্ষেত্রে সাংগঠনিক ত্রুটি-বিচ্যুতি আছে, তা সম্পূর্ণভাবে মেরামত করে ভোটে যেতে চাইছেন মমতা। ২১ জুলাইয়ের আগে তাই মুখবদল প্রক্রিয়া সম্পন্ন করতে চান মমতা। একুশের মঞ্চ থেকে একধঝাঁক কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে কার্যত শুরু বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিতে চাইছে তৃণমূল।
ইতিপূর্বে আই-প্যাকের প্রতীক জৈন তৃণমূলনেত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তাঁদের সার্ভে অনুযায়ী রিপোর্ট জমা পড়েছে ইতিমধ্যেই। দলের মধ্যে সুব্রত বক্সির উপর মমতার বিশ্বাস ও নির্ভরতা অনেকটাই। তিনি একমাত্র শীর্ষনেতা যিনি আজ অবধি দলের লাইনের বাইরে কখনও কোনও পদক্ষেপ নেননি।
মমতা -সুব্রত-র মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কেউ কোনও মন্তব্য না করলেও রাজনৈতিক মহল জানাচ্ছে, সাংগঠনিক ক্ষেত্রে জেলাস্তরে পরিবর্তনের প্রক্রিয়ার পর ব্লকস্তরে দায়-দায়িত্ব অদলবদল নিয়ে দু’জনের কথা হয়েছে। এক্ষেত্রে বিধায়কদের মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তবে নাম চূড়ান্ত করবেন দলনেত্রী মমতা দলের অভ্যন্তরীণ রিপোর্ট পর্যালোচনা করার পরই।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?