সময় কলকাতা ডেস্ক:- স্কুটি চালানো শিখতে গিয়ে প্রাণ গেল উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্রীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রাজারহাট-নিউটাউন এলাকার রেকজুয়ানিতে। মৃত ছাত্রীর নাম পূজা সাহা (১৭)। অস্বাভাবিক মৃত্যুর মামলাও রুজু করে তদন্ত করছে পুলিশ।
জানা গিয়েছে, বিধাননগর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের দশদ্রোণ এলাকায় থাকতেন পূজা। এ বছরই উচ্চমাধ্যমিকে ভালো নম্বর নিয়ে পাশ করেছিলেন। পূজার সঙ্গে শুভঙ্কর ভৌমিক নামে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি পরিবারের। বেশ কয়েক দিন ধরেই পূজা স্কুটি চালানো শেখার জন্য জোড়াজুড়ি করছিলেন শুভঙ্করের কাছে।
আবদার রাখতে স্কুটি চালানো শেখানোর জন্য পূজাকে নিয়ে বেরিয়েছিলেন শুভঙ্কর। রাজারহাটের ফাঁকা রাস্তায় প্রেমিকের সঙ্গে স্কুটি চালানো শিখছিলেন ওই তরুণী। যদিও সেই সময় তাঁদের মাথায় কোনও হেলমেট ছিল না বলে জানা যায়। হঠাৎই রাস্তার বাম্পার দেখতে না পাওয়ায় দুর্ঘটনার কবলে পড়েন দু’জন। দ্রুত গতির গাড়ি ছিটকে পড়ে রাস্তার পাশের একটি জঙ্গলে। সেখান থেকেই তাদের উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে দু’জনকে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে শুভঙ্করের আঘাত তেমন গুরুতর ছিল না।
খবর দেওয়া হয় পুলিশকে। গাড়িটি আটক করেছে রাজারহাট থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলাও রুজু করা হয়েছে ঘটনায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের তরফে।


More Stories
যোগা, নামাজ, রেডরোড ও “হরিদাস পাল”
অভিষেক আসতেই দুই-দলে খণ্ডযুদ্ধ, বিমানবন্দরে আতঙ্কে যাত্রীরা!
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন