সময় কলকাতা ডেস্ক:- দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার জালালপুর এলাকায় জমি নিয়ে পুরোনো বিরোধের জেরে জমির মালিককে কুপিয়ে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । নিহত ব্যক্তি সুনীল মণ্ডল (৬৫)। ঘটনায় অভিযুক্ত ভাগচাষী কার্তিক কালসারকে ঘটনার এক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে ফলতা থানার পুলিশ।
এই খুন কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়াতে না দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পুরো ঘটনার তদন্তে নেমেছে ফলতা থানার পুলিশ। ঘটনার পরই তৎপর হয় পুলিশ প্রশাসন। অভিযুক্ত কার্তিককে দ্রুত গ্রেফতার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন দে। তাঁর কথায়, ‘জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই খুন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নিজের জমিতে আল কাটতে গিয়েছিলেন সুনীলবাবু। নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা মাঠে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে পাঠায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
পুলিশি তদন্তে উঠে আসে, দীর্ঘদিন ধরেই ওই জমিতে ভাগচাষ করত কার্তিক কালসার নামে এক স্থানীয় ব্যক্তি। তবে চলতি বছরে জমি চাষ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেন সুনীল মণ্ডল। এই সিদ্ধান্ত ঘিরেই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, জমি না পেয়ে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে সুনীলবাবুকে কুপিয়ে খুন করে কার্তিক।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?