Home » সেনা জওয়ানকে ফাঁসাতেই অপহরণের নাটক! গ্রেফতার এক মহিলা

সেনা জওয়ানকে ফাঁসাতেই অপহরণের নাটক! গ্রেফতার এক মহিলা

সময় কলকাতা ডেস্ক:- অপহরণ করা হয়েছে নিজের ছেলেকে। অভিযোগ করেছিলেন মা। যদিও সবটাই ছিল সাজানো চিত্রনাট্য! হাওড়ার দাশনগর থানা এলাকার ঘটনাটি শনিবার বিকেলে প্রকাশ্যে আসতে ডোমজুড়ের বাসিন্দা ওই মহিলাকে দাশনগর থানার পুলিশ গ্রেপ্তার করতে যায়, যদিও তার আগেই তাকে গ্রেপ্তার করেছে ঘোলা থানার পুলিশ।

কারণ, ওই ঘটনার এক মাস আগে একই কায়দায় নিজের প্রেমিকের গাড়ির চালকের মেয়ের অপহরণের চিত্রনাট্য সাজিয়ে এক সেনা জওয়ানকে ফাঁসানোর চেষ্টা করেছিল সঙ্গীতা সিং নামের ওই মহিলা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার দাশনগরের বালিটিকুরি এলাকা থেকে এক শিশুকে অপহরণের অভিযোগ ওঠে শনিবার। শিশুটির মায়ের অভিযোগ, দুই সন্তানকে নিয়ে হেঁটে যাওয়ার সময়ে একটি সাদা গাড়িতে অপরিচিতরা এসে ছোট ছেলেকে তুলে নিয়ে যায়।

দাশনগর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, সঙ্গীতা সিং নিজেই গাড়িতে তুলে দিচ্ছে ছোট ছেলেটিকে। এর পরই সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদে মহিলা স্বীকার করে নাটক ফাঁদার কথা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চ্যাটার্জিহাট এলাকায় একটি পকসো মামলার সাক্ষী ছিল সঙ্গীতা। যার বিরুদ্ধে মামলা ছিল তিনি সঙ্গীতার বিরুদ্ধে চুরির মামলা করেছিলেন।

সেই সেনা জওয়ানকে ফাঁসানোর জন্যই পর পর অপহরণের নাটক ফেঁদেছিল ওই মহিলা। এক পরিচিতের সাহায্যে তার গাড়ি করে ছেলেকে নিজেই পাঠিয়ে দিয়েছিল সঙ্গীতা। রবিবার দক্ষিণেশ্বর থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ মনে করছে, প্রেমিকের সঙ্গে যোগসাজশ করেই গোটা পরিকল্পনা করেছিল সঙ্গীতা। সেই মতো তার প্রেমিক কৌশিক বোস ও উদ্ধার হওয়া নাবালিকার বাবার খোঁজ শুরু করেছে পুলিশ।

সোমবার ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন৷ মহিলার গোপন জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।

অপহরণের প্রথম অভিযোগটি হয় গত ১৯ মে ব্যারাকপুর কমিশনারেটের ঘোলা থানায়। বছর দশেকের এক নাবালিকার মা মেয়ের নিখোঁজের অভিযোগ দায়ের করেন। নাবালিকার মায়ের অভিযোগ ছিল, তাদেরই পরিচিত রিষড়ার এক ব্যক্তি বাড়িতে এসে লজেন্স দেওয়ার নাম করে মেয়েকে গাড়িতে তুলে নিয়ে গিয়েছে।

পুলিশ এই অপহরণের ঘটনার তদন্তে নেমে জানতে পারে, রিষড়ার যে ব্যক্তির নামে অভিযোগ করা হয়েছে তিনি সেনাবাহিনীর জওয়ান। ফোর্ট উইলিয়ামে কর্মরত। তিনি ঘটনার বিন্দুবিসর্গও জানেন না।

About Post Author