Home » কসবা কলেজে ধর্ষণ; ফেরত দিতে হবে সব বেতন! বেপরোয়া মনোজিতকে আর কী কী শাস্তি?

কসবা কলেজে ধর্ষণ; ফেরত দিতে হবে সব বেতন! বেপরোয়া মনোজিতকে আর কী কী শাস্তি?

সময় কলকাতা ডেস্ক:- কসবা কাণ্ডের জের! ঘটনার ৬ দিনের মাথায় কলেজের অস্থায়ী কর্মীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে মনোজিৎ মিশ্রকে। ধৃতদের মধ্যে আরও দুই ছাত্রের নাম রয়েছে। একজন জইব আহমেদ এবং অন্যজন প্রমিত মুখোপাধ্যায়। তাঁদের স্টুডেন্টশিপও বাতিল করা হয়েছে। অর্থাৎ, অভিযুক্তদের কেউই আর ওই প্রতিষ্ঠানে ফিরতে পারবে না।

ইতিমধ্যে তিনজনই গ্রেফতার হয়েছে। এসবের মাঝেই আরও বড় কোপ। ল কলেজের পরিচালন সমিতি সিদ্ধান্ত নিয়েছে মনোজিৎ এতদিন ধরে যা বেতন পেয়েছেন তা ফেরত দিতে হবে তাকে। মনোজিতের মত এই গণধর্ষণের ঘটনায় আরও দুই অভিযুক্ত জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

জানান হয়েছে, এই দুই ছাত্র যাতে আর কোনও কলেজে ভর্তি হতে না পারে, সে বিষয়টিতেও কঠোরভাবে নজরদারি করা হবে। মঙ্গলবার কসবা ল কলেজের গভর্নিং বডির বৈঠক ছিল। সেই বৈঠকেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন দুপুর ২টার পর কেউ কলেজে ঢুকতে বা থাকতে পারবে না, আই-কার্ড ছাড়া কলেজে প্রবেশ নিষিদ্ধ, নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থাকে শো-কজ করা হয়েছে।

সবমিলিয়ে নতুন করে নিরাপত্তা এবং নিয়মকানুনে কড়াকড়ি আনতে চাইছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে চলেছে কলেজ কর্তৃপক্ষ। যদিও গণধর্ষণের ঘটনার জেরে কলেজের পঠনপাঠন বন্ধ থাকলেও, প্রথম সেমেস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপের কাজ চলছে। তাই কলেজ অফিস আপাতত খোলা থাকছে। পঠনপাঠন আবার শুরু হবে কিনা, সে সিদ্ধান্ত নেওয়া হবে উচ্চশিক্ষা দপ্তর ও পুলিশের অনুমতির ভিত্তিতে।

এদিকে গণধর্ষণের ঘটনায় তিন অভিযুক্তকে ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে কলেজের সিকিউরিটি গার্ড পিনাকী বন্দ্যোপাধ্যায়কে ৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

About Post Author