Home » কার্তিক মহারাজের বিরুদ্ধে বৃহস্পতিবার পর্যন্ত পদক্ষেপ নয়: হাইকোর্টে জানাল রাজ্য

কার্তিক মহারাজের বিরুদ্ধে বৃহস্পতিবার পর্যন্ত পদক্ষেপ নয়: হাইকোর্টে জানাল রাজ্য

সময় কলকাতা ডেস্ক:- ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে কাল, বৃহস্পতিবার পর্যন্ত কোনও আইনি পদক্ষেপ করা হবে না বলে হাইকোর্টে আশ্বাস দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এজি বুধবার আদালতে জানান, নিজের অসুস্থতার কারণে তিনি এ দিন মামলার শুনানিতে অংশ নিতে পারবেন না। বিচারপতি জয় সেনগুপ্ত জানান, আগামিকাল মামলার শুনানি হবে। রাজ্যের কোনও পদক্ষেপ না করার আশ্বাস তিনি মেনে নেন।

পাশাপাশি কার্তিক মহারাজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের ঘটনার এক প্রত্যক্ষদর্শীকে পুলিশ হেনস্থা করছে এমন দাবি তুলে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। আইনজীবী মামলা দায়ের করার অনুমতি চান। বিচারপতি জয় সেনগুপ্ত জানান, মামলা শোনার এক্তিয়ার তাঁর নেই। মামলা করার আবেদন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে জানাতে হবে।

মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে নবগ্রাম থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই সন্ন্যাসী।

About Post Author