সময় কলকাতা ডেস্ক:- কথায় বলে, বেটার লেট দ্যান নেভার। তাই দেরি করে হলেও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণ থেকে মুক্তি পেতে পারে ভারত। সোমবার রাতে একপ্রস্থ কড়া ঘোষণা দিয়েছেন ট্রাম্প। জানিয়ে দিয়েছেন, একাধিক দেশের উপর শীঘ্রই চাপানো হবে অতিরিক্ত আমদানি শুল্ক। বিশেষ করে দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলির উপর। জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ – তালিকা ছোট নয়। তবে সেই ঘোষণার মধ্যেই ট্রাম্প জানান, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করার খুব কাছে পৌঁছে গিয়েছে আমেরিকা।
ট্রাম্পের এই কথায় স্পষ্ট, ট্রাম্পের অতিরিক্ত করের বোঝা ভারতের উপর চাপবে না। আসলে, সোমবারই ট্রাম্প হুঁশিয়ারি দেন, ব্রিকসের সঙ্গে যেসমস্ত দেশ জড়িয়ে থাকবে, তাদের উপর ১০ শতাংশ অতিরিক্ত কর চাপানো হবে। ব্রিকসকে আমেরিকাবিরোধী বলেও তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া, চিন, ব্রাজিলের পাশাপাশি ভারতও এই ব্রিকস-এর সদস্য।
তবে সম্প্রতি আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি সেরেছে চিন। তাই বেজিংয়ের উপর ট্রাম্পের শুল্কবাণের খাঁড়া পড়বে না।
কিন্তু এশিয়ার আরও দেশ যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, বাংলাদেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করবে আমেরিকা। সোমবার এই কথা জানিয়ে দেওয়া হয়েছে এই দেশগুলিকে। শুল্কের ঘোষণা করতে গিয়েই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ব্রিটেন, চিনের সঙ্গে আমেরিকা চুক্তি করে ফেলেছে। ভারতের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে, মানে প্রায় চূড়ান্ত। অন্যদের সঙ্গেও আলোচনা চলছে, তবে তাদের সঙ্গে চুক্তি করাটা সম্ভব নয়।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
কেন ব্রিকস সম্মেলনে ডিনার ঘিরে চর্চা ও বিতর্ক?
নিজের ওজনের চেয়ে তিনগুন ওজন তুলে রেকর্ড জলপাইগুড়ির কেয়ার