সময় কলকাতা ডেস্ক:- বিহার বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরাট ঘোষণা! রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দিলেন সংযুক্ত জনতা দল তথা বিজেপির জোটসঙ্গী নীতীশ কুমার। মঙ্গলবার বেলায় এক এক্স বার্তায় নীতীশ কুমার জানান, ভোটে জিতে ফের ক্ষমতায় এলে সরকারি চাকরিতে মহিলাদের ৩৫ শতাংশ সংরক্ষণ চালু করবে সরকার।
তবে এই সরক্ষণ কেবলমাত্র বিহারি মহিলা চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সব সরকারি পরিষেবা, ক্যাডার ও সমস্ত পদে এই সংরক্ষণ থাকবে। সব ধরনের সরকারি চাকরিতে এই সংরক্ষণ চালু থাকবে। একইসঙ্গে নীতীশ কুমার ভোট প্রতিশ্রুতি দিয়েছেন, বিহার যুব কমিশন গঠনের।
বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিহারের যুবক-যুবতীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।
তাঁদের সরকারি চাকরিতে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা ও তাঁদের শক্তিশালী এবং চাকরির ক্ষেত্রে উপযুক্ত করে তোলা হবে। রাজ্য সরকার এই উপলক্ষে বিহার যুব কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য মন্ত্রিসভা এ ব্যাপারে অনুমোদনও দিয়েছে। যুব সমাজের উন্নতি ও বিকাশের লক্ষ্যে এই কমিশন নিয়মিত রাজ্য সরকারকে উপদেশ-পরামর্শ দেবে ও কী করে আরও ভাল করা যায়, সে ব্যাপারে সুপারিশ পাঠাবে। সরকারি দফতরগুলির সঙ্গে এই কমিশন সমন্বয় রাখবে। যাতে যুব সমাজকে আরও শিক্ষিত ও চাকরিতে নিয়োগ করা যায়, সেদিকে নজর দেবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, এই কমিশনে একজন চেয়ারম্যান, ২ জন ভাইস চেয়ারম্যান ও ৭ সদস্য থাকবেন। যাঁদের সর্বোচ্চ বয়স হবে ৪৫ বছর। সরকারি চাকরি ছাড়াও বেসরকারি চাকরিতেও নিয়োগের ব্যবস্থা করবে কমিশন। যেসব বিহার মায়ের সন্তান পড়াশোনা ও কাজের জন্য ভিনরাজ্যে পড়ে রয়েছেন, তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা করবে এই কমিশন। সবথেকে বড় লক্ষ্য হবে, বিহারের কিশোর-যুবদের মধ্যে নেশার প্রবণতা দূর করা। স্কুল-কলেজ চত্বরে যেভাবে নেশাদ্রব্য পাওয়া যায়, তা নিয়ে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার কাজও করবে কমিশন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?