সময় কলকাতা ডেস্ক:- ২.৫ টনের লোহার সাইড সেল চাপা পড়ে মৃত্যু হলো রজনীশ শুক্লা (৩৫) নামে এক শ্রমিকের। গুরুতর জখম গোপাল মল্লিক (৪১) নামে অন্য এক শ্রমিক। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এ এই দুর্ঘটনা ঘটেছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে রাজাবাগান থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত রজনীশের বাড়ি উত্তরপ্রদেশে। এ দিন তিনি এবং গোপাল ব্লক ফ্যাব্রিকেশন ইউনিটে কাজ করছিলেন। সেখানে জাহাজ তৈরি হচ্ছিল। গোপাল এবং রজনীশ ব্লকের সঙ্গে সাইড সেল জুড়ছিলেন। একেকটি সাইড সেল প্রায় ২.৫ টন ভারি। মোটা নাইলনের দড়ি দিয়ে বেঁধে ক্রেনে করে তোলা হচ্ছিল। আচমকাই দড়ি ছিঁড়ে যায়। সাইড সেল গিয়ে পড়ে রজনীশ আর গোপালের উপরে। গুরুতর আহত হন তাঁরা।
সাথে সাথে দু’জনকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রজনীশ শুক্লাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। গোপাল গুরুতর জখম অবস্থায় ওই হাসপাতালেই ভর্তি। তাঁর হাত ও মেরুদণ্ডে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রজনীশ ও গোপাল দু’জনেই চুক্তিভিত্তিক শ্রমিক বলে জানা গিয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কীভাবে ডুবে মৃত্যু রাহুলের ?