Home » ভোররাতে ঘরের ছাদ ভেঙে মৃত্যু হল পানিহাটি বাসীর

ভোররাতে ঘরের ছাদ ভেঙে মৃত্যু হল পানিহাটি বাসীর

সময় কলকাতা ডেস্ক:- পানিহাটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এম এন ব্যানার্জী রোডে ভোর রাতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ধসে পড়ল একটি বহু পুরনো বাড়ির একাংশ। আর সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হল বাড়ির মালিক দেবকুমার শ্রীমানির।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বাড়িটি ছিল বিপজ্জনক অবস্থায়। বারবার সতর্ক করা হয়েছিল স্থানীয় প্রশাসনের তরফে। এমনকী কাউন্সিলরের পক্ষ থেকে জানানো হয়েছিল, বাড়িটি ফাঁকা করে দিতে হবে। কিন্তু পারিবারিক কিছু সমস্যার কারণে সেই নির্দেশ মানা হয়নি। দেবকুমার যে ঘরে ঘুমোতেন, সেটিই ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। পরিবার ও প্রতিবেশীদের বারবার অনুরোধ সত্ত্বেও তিনি সেই ঘরেই রাতে থাকতেন। অবশেষে, শুক্রবার ভোররাতে বিকট শব্দে ভেঙে পড়ে ঘরটির ছাদ। এবং মৃত্যু হয় তার।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে খড়দহ থানার পুলিশ ও দমকল বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয় দেবকুমার শ্রীমানিকে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া ছড়িয়েছে এলাকায়। প্রশাসনের তরফে ফের নতুন করে বিপজ্জনক বাড়িগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

About Post Author