Home » মোদির ‘মিশন মালদ্বীপ’! মালদ্বীপ ছাড়া করেছিলেন ভারতীয় সেনাকে তবে মোদিতে মজে সেই মুইজ্জু!

মোদির ‘মিশন মালদ্বীপ’! মালদ্বীপ ছাড়া করেছিলেন ভারতীয় সেনাকে তবে মোদিতে মজে সেই মুইজ্জু!

সময় কলকাতা ডেস্ক:- অল্প দিনেই মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু বুঝে গিয়েছেন চিনা-সঙ্গ সুবিধের নয়। পরিস্থিতি হাড়ে হাড়ে টের পেয়ে ভারতের মান ভাঙাতে তৎপর হয়েছিলেন মুইজ্জু। শুক্রবার মালদ্বীপের মাটিতে প্রধানমন্ত্রী মোদির পা পড়তেই তাঁকে বুকে জড়িয়ে ধরেন। আর মালদ্বীপের অহঙ্কার ভাঙার পর ফের বড় দাদার মতো দেশটির পাশে দাঁড়াল ভারত। শুক্রবার মোদি-মুইজ্জু বৈঠকের পর প্রধানমন্ত্রী ঘোষণা করেন, প্রতিরক্ষাক্ষেত্রে মালদ্বীপকে সমস্তরকম সহযোগিতা করবে ভারত। প্রায় ৫ হাজার কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ারও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

শুক্রবার মালদ্বীপের মাটিতে পা রাখার পর মুইজ্জুর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এরপর যৌথ সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত-মালদ্বীপের শিকড় ইতিহাসের চেয়েও পুরনো। উভয় দেশ প্রতিবেশীর চেয়েও বেশি কিছু।

এরপরই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। মালদ্বীপের অর্থনীতির উন্নতিতে সহায়তা করতে পেরে ভারত আনন্দিত। মালদ্বীপের প্রতিরক্ষা ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে ভারত সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন মোদি।

এমনকী মালদ্বীপের সেনার সাহায্যে ৭২ টি সামরিক যান দেওয়ার ঘোষণা করেন। প্রধানমন্ত্রী কথায়, প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা দুই দেশের পারস্পরিক আস্থার প্রমাণ। মালদ্বীপের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে ভারত সর্বদা সাহায্য করবে।

এখানেই শেষ নয়, মালদ্বীপে বিপুল বিনিয়োগেরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫৬৫ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪ হাজার ৮৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বলেও ঘোষণা করা।

মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। মালদ্বীপে থাবা বসাতে থাকা চিনকে সরাতে ভারতের এই কূটনৈতিক পদক্ষেপের নেপথ্যে রয়েছে বহু অঙ্ক। দীর্ঘ দিন ধরে ভারত ঘনিষ্ঠ ছিল এই দেশ।

তবে মুইজ্জু ক্ষমতায় আসার পর বদলে যায় সব হিসেব নিকেশ। শুরু হয় ভারত বিরোধী হাওয়া।

চিনের বিপুল ঋণের টোপ গিলে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেয় মুইজ্জু সরকার। দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করা হয়। এর পাল্টা মালদ্বীপ বয়কটে বিপাকে পড়ে সেখানকার অর্থনীতি। বিপদ বুঝে ভুল শুধরে ফের ভারতের কোলে ঘেঁষেন সেখানকার প্রেসিডেন্ট।

এই পরিস্থিতিতে ফের চৈনিক চাল ভেস্তে দিতে খারাপ অতীত পিছনে ফেলে ফের মালদ্বীপের ‘বটবৃক্ষ’ হয়ে উঠল ভারত।

দু’বছর আগেও যাঁর মুখে শোনা গিয়েছিল ‘ইন্ডিয়া আউট’ স্লোগান, এখন তাঁরই পাশে দাঁড়িয়ে মালের নতুন প্রতিরক্ষা দফতরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার এই ঐতিহাসিক মুহূর্তে গোটা বিশ্ব দেখল, ভারত-মলদ্বীপ সম্পর্কে ফের জোরাল বার্তা দিল দুই দেশ।

About Post Author