Home » কোচবিহারে জমি বিবাদের জের খুন! অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে

কোচবিহারে জমি বিবাদের জের খুন! অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্ক:- কোচবিহারের পানিশালা এলাকায় জমি নিয়ে বিবাদের জেরে মৃত্যু এক ব্যক্তির। মৃতের নাম সুবোধ মালাকার। অভিযোগ, বিজেপি কর্মী পরিমল দাস তাঁকে মারধর করে খুন করেছে। মৃতের পরিবারের দাবি, রবিবার জমির কাজ নিয়ে বিবাদের জেরে সুবোধকে তুলে নিয়ে গিয়ে মাঠে ফেলে বেধড়ক মারধর করা হয়। তারপর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস সরব হয় এবং রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ঘটনার তীব্র নিন্দা করে দোষীর কঠোর শাস্তির দাবি তোলেন। তারা আরও বলেন, পরিমল দাস বিজেপি-র পরিচিত মুখ, এলাকায় তার বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের অভিযোগ আছে।

এদিকে পুলিশ জানিয়েছে, মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।

ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এটি জমি বিবাদের আড়ালে রাজনৈতিক রেষারেষি কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এদিকে অভিযুক্ত পরিমল দাসের সঙ্গে বিজেপির কোনও সংযোগ নেই বলেই দাবি করছে গেরুয়া শিবির।

তাঁদের বক্তব্য, এটি নিছকই জমিজমা সংক্রান্ত পারিবারিক বিবাদ।

তবে এই ঘটনা ঘিরে এলাকাজুড়ে রয়েছে চাপা উত্তেজনা। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ প্রশাসন।

About Post Author