দীপ সেন, ১৯ জুলাই : কেঁচো খুঁড়তে কেউটে। একটি-দুটি নয় মহিলার ঝুলির মধ্যে থেকে বেরিয়ে এল হাফ ডজন আগ্নেয়াস্ত্র। উত্তর ২৪ পরগনার অশোকনগরে সিআইডি-র বড় সাফল্য, ম্যাজিক গাড়ি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ এবং আগ্নেয়াস্ত্র সহ এক মহিলা গ্রেফতার। রীতিমতো চক্ষু চড়কগাছ করে দেওয়া এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ থাকার প্রবল সম্ভবনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পূজা বিশ্বাসের বাড়ি হাবরা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে। তদন্তকারীদের দাবি, বিহার থেকে অস্ত্র এনে হাবরা এলাকায় বিক্রির উদ্দেশ্যেই তিনি নিয়ে আসছিলেন। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি ৭ এমএম পিস্তল, দুটি ৯ এমএম পিস্তল, একাধিক ম্যাগাজিন(১২) এবং প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ। এছাড়াও উদ্ধার হয়েছে ১২ হাজার টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন।
রবিবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সিআইডি ও অশোকনগর থানার যৌথ অভিযানে ৮ নম্বর মোড় এলাকায় নৈহাটি অশোকনগর রোডে একটি ম্যাজিক গাড়ি আটক করা হয়। সেখান থেকে পূজা বিশ্বাস নামে এক মহিলাকে একটি ব্যাগ-সহ আটক করা হয়। ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ থাকতে পারে। বিশেষ করে বিহারের মুঙ্গের জেলার সঙ্গে অস্ত্র পাচারের সম্ভাব্য সংযোগ খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি ট্রেনের টিকিট। তা দেখেই সিআইডি মনে করছে এই মহিলার সঙ্গে বিহার যোগ রয়েছে।সিআইডি সূত্রে খবর, এই বিপুল পরিমাণ অস্ত্র কার কাছে পৌঁছানোর কথা ছিল, কারা এর ক্রেতা এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে।।


More Stories
বুলডোজার দিয়ে ভাঙা হল অভিষেকের কার্যালয়
সমবায় দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলের উত্তরবঙ্গের তিন নেতা
পরকীয়া কাণ্ডে খুন, স্ত্রী ও প্রেমিক সহ গ্রেফতার ৫