সময় কলকাতা ডেস্ক:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রাম বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিসি ডব্লিউ ডিপার্টমেন্টের অর্থানুকুলে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমার অন্তর্গত ঝার আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের অধীন ১৫/৮৪ নং বুথে নকুল রায়ের বাড়ি থেকে মহেশ রায়ের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার শিলান্যাস হয়েছিল চলতি বছরের ৩০ জানুয়ারি। শিলান্যাস করেছিলেন ধুপগুড়ির বিধায়ক প্রফেসর নির্মল চন্দ্র রায়।
সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান পঞ্চায়েত থেকে শুরু করে তৃণমূলের ব্লক স্তরের সকল নেতৃত্ব । যা নিয়ে তৃণমূল বিধায়ক তার ফেসবুক পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী বুলু চিক বড়াই কে ধন্যবাদ জানান।
তবে এরপর প্রায় বছর শেষ হতে চললেও রাস্তা সংস্কারের কোনরূপ নাম গন্ধ নেই এই এলাকায়। এদিকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির কারণে জলমগ্ন বিভিন্ন এলাকা। আর এতেই এই এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বর্তমানে এলাকার মানুষের মুখে রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি শোনা যাচ্ছে।
এদিকে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে শাসকদলকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব। ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া তৃণমূলের সংস্কৃতি কটাক্ষ বিজেপির।
যদিও গোটা ঘটনা নিয়ে অন্য যুক্তি খাড়া করা হয়েছে শাসকদলের তরফে। তৃণমূলের দাবি, গ্রামের যে রাস্তাটি শিলান্যাস হয়েছিল সেখানে রাস্তার দু’ধারে অনেক পুকুর থাকায় সেগুলির দুই পাশেই গার্ড ওয়াল দেওয়া জরুরী। তা না হলে রাস্তা টেকসই হবে না।


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
বিজেপি-বিদ্রোহী তৃণমূলকে একযোগে নিশানা, তবুও বিরোধীদের প্রশংসা পাচ্ছেন কুণাল ঘোষ