সময় কলকাতা ডেস্কঃ তৃতীয়বারের জন্য অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। সোমবার ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয় অসামরিক বাসিন্দাদের শহর থেকে সরিয়ে নিয়ে যাওয়া নিশ্চিত করতেই রাশিয়ার স্থানীয় সময় সকাল ১০ টা থেকে ইউক্রেনের মরিউপোল ,খারকিভ, কিয়েভ, সুমিতে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হল।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে মানবিক করিডোর খুলে দেওয়ার জন্য অনুরোধ জানান। সেই অনুরোধ কে সম্মান দিতেই রাশিয়া সরকারের এই অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা। পাশাপাশি বিবৃতিতে জানানো হয়েছে অসামরিক বাসিন্দাদের স্থানান্তরিতকরণের পুরো বিষয়টি বিমানের মাধ্যমে পর্যবেক্ষণ করবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। শুধু ইউক্রেনের অসামরিক নাগরিক নয় বিদেশি নাগরিকদেও যুদ্ধক্ষেত্র থেকে সরানো সুনিশ্চিত করতে হবে, এমনটাই নির্দেশ পুতিন বাহিনীর।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আজ ১৩ দিনে পদার্পণ করল। ২৪ শে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল রাশিয়া তারপর থেকেই ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ প্রায় ২৮ টি দেশ রাশিয়ার উপরে একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। বিভিন্ন ব্যাংকিং সংস্থা তাদের নেট ব্যাঙ্কিং সহ এটিএম পরিষেবা বন্ধ করে দেয়। ফলে রাশিয়ার অভ্যন্তরেও নেমে আসে অর্থনৈতিক বিপর্যয়। যুদ্ধ শুরুর ১৩ দিনের মাথায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৬৭ জন সাধারণ মানুষ। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০। যদিও জাতিসংঘের মতে এই পরিসংখ্যান প্রকৃত পরিসংখ্যান নয়, নিহত এবং আহতের সংখ্যা আরো বেশি।
আমেরিকার এক প্রশাসনিক আধিকারিকের দাবি অনুযায়ী একদিকে যখন যুদ্ধবিরতি ঘোষণা করেছে ভ্লাদিমির পুতিন, তখন অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হারাতে অন্য পন্থা অবলম্বন করছে রাশিয়া। সিরিয়ার বিশেষভাবে প্রশিক্ষিত আরবান ফাইটার বাহিনীকে কাজে লাগাতে চলেছে রাশিয়া। সিরিয়ার আরবান ফাইটাররা শত্রু নিধন করতে বিশেষভাবে প্রশিক্ষিত এবং গেরিলা যুদ্ধের জন্য তারা প্রশিক্ষিত। সিরিয়ার এই ফাইটারদের মাথাপিছু ২৫০ থেকে ৩০০ ডলার পারিশ্রমিক দিতে চলেছে পুতিন। আমেরিকার প্রশাসনিক আধিকারিকের এই দাবি যদি সত্যি হয় তাহলে বলাই বাহুল্য, যে কোন পন্থা অবলম্বন করে ইউক্রেন দখল করতে মরিয়া পুতিন।
অন্যদিকে ভারতীয় ছাত্রদের ফেরাতে তৎপর ভারত সরকার। ইতিমধ্যে বহু ভারতীয় ছাত্রকে ফিরিয়ে আনা হয়েছে দেশে। বাকি ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনার জন্য ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে গুগুল ফর্ম-এর ব্যবস্থা করা হয়েছে। ইউক্রেনে ভারতীয় নাগরিকদের এই গুগল ফরমটি পূরণ করতে হবে, সেখানে তাদের ইমেইল আইডি ,পূর্ণাঙ্গ নাম ,বয়স ,লিঙ্গ ,পাসপোর্ট নাম্বার, ইউক্রেনের ঠিকানা এবং ইউক্রেনের যোগাযোগ নম্বর এবং ভারতের যোগাযোগ নম্বর , তাদের আত্মীয়দের নাম উল্লেখ করতে হবে।
সামরিক বিশেষজ্ঞদের মতে অস্থায়ী যুদ্ধবিরতির মাঝেই রাশিয়া তাদের ক্ষতে প্রলেপ লাগাবে পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য আরো শক্তি সঞ্চয় করবে। এখন দেখার ১৩ দিনের পর থেকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ,মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের কড়া অবস্থানের নিরিখে রাশিয়া কি পদক্ষেপ নেয়।


More Stories
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত
ইতিহাস গড়তে পারল না নেপাল, ইংল্যান্ডের কাছে হার মাত্র ৪ রানে