Home » বিশ্বভারতী কান্ডে কি রায় দিল উচ্চ আদালত?

বিশ্বভারতী কান্ডে কি রায় দিল উচ্চ আদালত?

সময় কলকাতা, জয়ন্ত দাস: বিশ্বভারতী ছাত্রাবাস খোলার দাবিকে ঘিরে যে আন্দোলন চলছিল অবশেষে সেই আন্দোলনকে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। ছাত্রাবাসের দরজা খুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে আন্দোলন এখনই ইতি নয়, এখন তা চলবে বলেই জানালেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। তবে এদিনের এই উচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন ছাত্রছাত্রীরা। রায়কে নৈতিক জয় বলেও উল্লেখ করলেন তারা।

হোস্টেল খোলা সহ একাধিক দাবিতে আন্দোলনে সরব হয় বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা। এদিনের উচ্চ আদালতের রায়কে স্বাগত জানালেও অন্য দাবিদাওয়া গুলি যতক্ষন না পূরন হচ্ছে ততদিন নিজেদের বিক্ষোভ থেকে সরছে না বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা এমনটাই জানালেন বিশ্বভারতীর গবেষক ছাত্রী মিনাক্ষী ভট্টাচার্য। পাশাপাশি তিনি এও বলেন, “আমাদের বিরুদ্ধে নানাভাবে অভিযোগ করা হচ্ছে, প্রায় ২০০ ঘন্টা ধরে আন্দোলনে চলছে।”

আরেক আন্দোলনকারীর দাবি, “কোর্টের এই রায়ে আমরা খুশি। বিগত ১০ দিন ধরে আমাদের এই আন্দোলন চলছিল। আংশিক ভাবে এই আন্দোলনে আমরা সফল। তবে আন্দোলন এখান শেষ হচ্ছে না।” আগামীদিনে এই আন্দোলন কিভাবে চলবে তা পরর্বতী বৈঠকে ঠিক হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, হোষ্টেল খুলতে হবে, অনলাইনে পরীক্ষা নিতে হবে, বিশ্বভারতীর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষার সূচি বদলের দাবিতে রেজিষ্ট্রার সহ কয়েকজন আধিকারিককে গত সোমবার থেকে প্রায় ৮২ ঘন্টা ঘেরাও করে রাখে ছাত্রছাত্রীরা। যদিও ছাত্রছাত্রীরা দাবি করে কাউকে ঘেরাও করে রাখা হয়নি। রেজিস্ট্রার দাবি করেন তাদের ঘেরাও করা হয়েছে। শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় নিজের অফিস থেকে বের হন রেজিস্ট্রার। এরই মধ্যে আজ উচ্চ আদালতের রায়ে নিজেদের নৈতিক জয় দেখছে ছাত্রছাত্রীরা।

About Post Author