সময় কলকাতা ডেস্কঃ একটি আমবাগান থেকে ৬৫ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম হাবিবুর ওরফে হবি(৩৮)। গোপন সূত্রে খবর পেয়ে মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে আটক করা হয় ওই যুবককে। ধৃতকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুরের বাইসা আমবাগানে হবিবুর নামে ওই মাদক সরবরাহকারী এলাকায় মাদক সরবরাহ করার জন্য আসে। খবর পেয়ে ওই বাগানে হানা দেয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হাতে নাতে ওই যুবককে পাকড়াও করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় ৬৫ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য প্রায় দু লক্ষ টাকা।

এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, “আমরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করি, ওর কাছ থেকে ৬৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। আজ ওই যুবককে চাঁচল আদালতে তোলা হবে।”
হরিশ্চন্দ্রপুর একের পর এক ব্রাউন সুগার সরবরাহকারী ধরা পড়ছে, যুব সমাজের একাংশ নেশা-গ্রস্ত। আর সে কারণেই চিন্তায় বুদ্ধিজীবি মহল। অদূর ভবিষ্যতে প্রশাসনিকভাবে কড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা না হলে ছাত্র যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাবে, এমনটাই মনে করছে এলাকার বুদ্ধিজীবি মহল।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান