Home » পুরসভার জল খেয়ে অসুস্থ একাধিক মানুষ, সাফাই পুর আধিকারিকের

পুরসভার জল খেয়ে অসুস্থ একাধিক মানুষ, সাফাই পুর আধিকারিকের

সময় কলকাতা ডেস্ক : জলের অপর নাম জীবন কিন্তু সেই জল খেয়ে এখন জীবন হারানোর ভয় চেপে বসেছে গয়েশপুরের মানুষের মধ্যে। পুরসভার সরবরাহ করা জল খেয়ে অসুস্থ একাধিক মানুষ। আর তাই পুরসভার জল নয়, এখন প্রান বাঁচাতে বাজারের কেনা জলই একমাত্র ভরসা গয়েশপুরের বাসিন্দাদের।

কল্যানীর পর এবার নদীয়ার গয়েশপুরে জল খেয়ে অসুস্থ হচ্ছে একাধিক মানুষ। কিছুদিন আগেই নদীয়ার কল্যাণীতে বেশ কিছু জায়গায় জল খেয়ে অসুস্থ হয়ে পড়ে একের পর এক সাধারণ মানুষ। একই ঘটনা এবার কল্যাণীর পার্শ্ববর্তী এলাকায়। কল্যাণী গয়েশপুর এলাকায় পুরসভার বিতরণ করা জল খেয়ে অসুস্থ একাধিক মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানায়, ‘পুরসভার সরবরাহ করা পানীয় জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছি, পেট খারাপ, বমি হচ্ছে। তাই এখন বাজার থেকে কেনাজলই ভরসা গয়েশপুরবাসির, এই নিয়ে পুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এ প্রসঙ্গে পুরসভার আধিকারিক বলেন, “আমি শুনেছি, তবে যতদূর খবর কল্যাণী থেকে এই জলের সমস্যার সূত্রপাত, কল্যাণীতে জলের ফিল্টার চেঞ্জ করা হচ্ছে। সেটি ঠিক হয়ে গেলেই আশা করা যাচ্ছে সমস্ত সমস্যার সমাধান হবে।”

পাশাপাশি তিনি পুর নাগরিকদের এই সময়ে জল ফুটিয়ে খাওয়ার জন্য আবেদন করেন। এছাড়াও এই সমস্যার যাতে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে নজর দেবেন বলেও জানান তিনি।

About Post Author