Home » নবম শ্রেণীর স্কুল ছাত্রের হাতে বন্দুক,কেন?

নবম শ্রেণীর স্কুল ছাত্রের হাতে বন্দুক,কেন?

সময় কলকাতা ডেস্কঃ স্কুলের মধ্যেই দেখা গেল ছাত্রের হাতে বন্দুক। আর এই ঘটনাকে ঘিরেই আতঙ্ক ছড়ালো স্কুলে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত মহারাজা নন্দকুমার হাইস্কুলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,অভিযুক্ত ওই ছাত্রের বাড়ি নন্দকুমার থানার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীধরপুর গ্রামে। অভিযোগ,শনিবার স্কুল চলাকালীন ছেলেটি ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল স্কুলেরই বন্ধুদের সঙ্গে। সে সময়ই স্কুলের ভারপ্রাপ্ত এনসিসির শিক্ষক ভবতোষ ভূঁইয়া সন্দেহবশত ওই ছাত্রটির ব্যাগ চেক করে। এরপরই তাঁর ব্যাগে পাখি মারার বন্দুক সহ গুটকা এবং বিড়ি পাওয়া যায়। এই ঘটনায় হতবাক স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষকেরা।

এদিন দুপুরে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। স্কুল কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় নন্দকুমার থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে ছাত্রটিকে আটক করে থানায় নিয়ে যায়। নন্দকুমার থানার পুলিশের তরফে খবর দেওয়া হয় অভিযুক্ত ছাত্রের বাড়ি। নন্দকুমার থানার এস আই অফিসার সৈয়দ মিলাদ আহমেদ বন্দুকটিকে বাজেয়াপ্ত করে। অভিযুক্ত ছাত্র এবং তাঁর বাবাকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া বন্দুকটি পাখি মারার বন্দুক।

About Post Author