Home » রাজ্যের মহিলা কমিশন অক্ষম, নির্দেশহীন পঙ্গু সংস্থায় পরিণত হয়েছে, দাবি আপের

রাজ্যের মহিলা কমিশন অক্ষম, নির্দেশহীন পঙ্গু সংস্থায় পরিণত হয়েছে, দাবি আপের

সময় কলকাতা ডেস্ক : পাঞ্জাবের জয় থেকে উৎসাহিত হয়ে বাংলায় ঝাঁপিয়ে পড়ল আমআদমি পার্টি। মহিলা শক্তি শাখার মাধ্যমে রাজ্যের মহিলা কমিশনকে নিশানা করল আপ। এদিন প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সদ্য গঠিত আপের রাজ্য কমিটি গঠনের ঘোষণা করা হয়। আগামী দিনে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে তাদের শক্তি বৃদ্ধি করে ঝাড়ু দিতে প্রস্তুত বলেই দাবি করলেন কমিটির মহিলারা।

এদিন আপের মহিলা শক্তি শাখার স্টিয়ারি কমিটি সদস্য এবং জেলায় দায়িত্ব থাকা তুলিকা অধিকারী স্পষ্ট করে জানান, এই রাজ্যের দুর্নীতি, অত্যাচার এবং স্বজনপোষণের বিরূদ্ধে ঝাড়ু চালাবেন। শাসকদল তৃণমূলের সঙ্গে এই রাজ্যে তাদের কোনো জোট নেই। তাই তারা কোনো রাজনীতিক দলের বিরূদ্ধে নয় । সেই রাজ্যের সরকারের বিরূদ্ধে সরব থাকবেন বলে দাবি করলেন তিনি।

আপের মহিলা শক্তি শাখার পরিষ্কার বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেজরিওয়ালের সুসম্পর্কের সঙ্গে তাদের রাজনীতিক অবস্থানের কোনো সম্পর্ক নেই। ব্যাক্তিগত সম্পর্কের সঙ্গে রাজনীতিক সম্পর্ককে আমল দিতে নারাজ আমআদমি পার্টির মহিলা শক্তি। তাদের অভিযোগ, দেশে একমাত্র এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও রাজ্যের মহিলাদের উপরে অত্যাচার, অনাচার ও তাদের কষ্টের সুরাহা করছে না রাজ্যের মহিলা কমিশন। এদিন সরাসরি বাংলার মহিলা কমিশনকে নিশানা করে বলেন, ‘রাজ্যের মহিলা কমিশন একটি অক্ষম, দিশা নির্দেশহীন পঙ্গু সংস্থায় পরিণত হয়েছে। তৃণমূল সরকারের তাবেদারী করেই দিনের পর দিন নিজেদের অক্ষমতার পরিচয় দিয়ে চলেছে
রাজ্যের মহিলা কমিশন।’

অন্যদিকে, বাংলার সঙ্গে দিল্লি মহিলা কমিশনের পরিসংখ্যানের তুলনা করে দিল্লির মহিলা কমিশনের অগ্রণী ভূমিকা তুলে ধরেন আমআদমি পার্টির মহিলা ব্রিগেড। রাজ্যের মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গত সাত বছরের তথ্য চাওয়া হলেও রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের সঠিক তথ্য ও উত্তর জানায় নি বলে অভিযোগ আপের মহিলা শক্তি শাখার।

About Post Author