Home » হাওড়ায় উদ্ধার প্রায় কোটি টাকার মৃত সি হর্স

হাওড়ায় উদ্ধার প্রায় কোটি টাকার মৃত সি হর্স

সময় কলকাতা ডেস্কঃ হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল বহুমূল্যের নিষিদ্ধ বস্তু।যার বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা।আরপিএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রে সি হর্স পাচার সংক্রান্ত খবর পেয়ে তল্লাশি অভিযান চালান।আর তাতেই বড়সড় সাফল্য মেলে তাঁদের।এদিন হাওড়া স্টেশনে ডাউন চেন্নাই মেল পৌঁছায়।সেই ট্রেন থেকেই বড়সড় বেশ কয়েকটি পিসবোর্ডের কার্টন নামানো হয়।সেগুলি হাওড়া স্টেশনের ১২ নম্বর গোডাউনে ঢুকিয়ে দেওয়া হয়।এরপর সেই কার্টনগুলি দেখে সন্দেহ হয় আরপিএফ সহ রেল আধিকারিকদের।তারা দেখেন পিচবোর্ডের বাক্সগুলি কাপড়ে মোড়া অবস্থায় রয়েছে।


আরপিএফের সহায়তায় ওই বাক্সগুলির ভিতর থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণের মৃত সি হর্স।যা মূলত এক ধরনের সামুদ্রিক প্রাণী।আর তা দেখেই রীতিমতো চক্ষু চড়কগাছ খোদ অভিযানকারী পুলিশ আধিকারিকদের।জানা যায়,উদ্ধার হওয়া ওই মৃত সি হর্সের ওজন প্রায় ৫১ কেজি।


অন্যদিকে এদিন সকালেই এমাদাদুল্লাহ মুন্সি নামে এক ব্যক্তি কার্টুনগুলি নিতে হাওড়া স্টেশনে পৌঁছায়।এই দৃশ্য দেখা মাত্রই আরপিএফ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।এরপর উদ্ধার হওয়া ওই সি হর্স গুলিকে বাজেয়াপ্ত করে রেল পুলিশ আধিকারিকরা।ইতিমধ্যেই ওই নিষিদ্ধ বস্তুগুলিকে ডাইরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের হাতে তুলে দেওয়া হয়।

About Post Author