Home » স্ত্রীর সঙ্গে গোপন সম্পর্কের জেরে বন্ধুকে খুন!

স্ত্রীর সঙ্গে গোপন সম্পর্কের জেরে বন্ধুকে খুন!

সময় কলকাতা ডেস্কঃ পরকীয়ার নির্মম পরিণতি। স্ত্রীর সঙ্গে গোপন সম্পর্ক রয়েছে বন্ধুর। এই সন্দেহে বন্ধুকে খুন করে বসল এক ব্যক্তি। উত্তর ২৪ পরগনার বাগদা থানার অন্তর্গত পারুইপারা গ্রামের ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বছর সাইত্রিশের যুবক আনন্দ ঘোষ পাড়ার মধ্যে দাঁড়িয়েই বন্ধুর বউয়ের সঙ্গে কথা বলছিল। সে সময় বন্ধু বাসুদেব এসে আনন্দকে উদ্দেশ্য করে তার স্ত্রীর সঙ্গে গোপন সম্পর্কের কথা তুলে ধরে। এরপরই বচসা শুরু হয় দুই বন্ধুর মধ্যে। আচমকাই আনন্দ ঘোষের মাথায় কুরুলের কোপ মারে বাসুদেব। বাড়িতে গিয়ে স্ত্রী কাকলি ঘোষকে কুড়ুল নিয়ে তাড়া করে ওই অভিযুক্ত। আর তাতেই আহত হন স্ত্রী।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আনন্দ ঘোষ। স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় বাগদা থানায়। খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ এসে আনন্দ ঘোষ এবং কাকলি ঘোষকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বাগদা গ্রামীণ হাসপাতাল পাঠায়।

প্রাথমিক চিকিৎসার পরে কাকলি দেবীকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আনন্দবাবুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় আনন্দ ঘোষের।ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত বাসুদেব ঘোষকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ।

About Post Author