Home » ভাঙা হল লাইট ও পানীয় জলের কল কিন্তু কেন?

ভাঙা হল লাইট ও পানীয় জলের কল কিন্তু কেন?

সময় কলকাতা ডেস্ক: বহরমপুর পুরসভার ৪ নং ওয়ার্ডে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে রাস্তার লাইট ও পানীয় জলের কল। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে৷ মঙ্গলবার গভীর রাত্রে বহরমপুর পুরসভার ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় একাধিক রাস্তার লাইট ভেঙে ফেলা হয়েছে। একাধিক পানীয় জলের কল ভেঙে ফেলা ও  জলের পাইপ তুলে  দেওয়া হয়েছে বলে  অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । তাদের দাবি, রাতের অন্ধকারে কে বা কার কি উদ্যোশ্য নিয়ে এই কাজ করেছে তার জানতে চান না এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত স্বাভাবিক হোক তাঁদের এলাকার পুর পরিষেবা।

পানীয় জলের কল, রাস্তার স্ট্রিট লাইট ভেঙে দেওয়ার পেছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে দাবি এলাকার কংগ্রেস কাউন্সিলর হিরু হালদারের। বিষয়টি প্রশাসনের নজরে আনার আশ্বাস কাউন্সিলরের।আচমকা এলাকার পানীয় জলের কলগুলি ভেঙে দেওয়ায় বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা। কংগ্রেসের অভিযোগ, এলাকার মানুষকে কষ্ট দিতেই পরিকল্পনামাফিক এই কাজ করা হয়েছে। দ্রুত সমস্যা না মিটলে এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তুলে পরিশেবা স্বাভাবিক করার আশ্বাস কংগ্রেস কাউন্সিলরের।

তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল।পাশাপাশি কংগ্রেস কাউন্সিলরের লোকজনেরাই এই কাজ করেছে বলে দাবি করেন এলাকার তৃণমূল নেতা বা পৌর নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাপাই ঘোষ। তিনি বলেন, আমারা মানুষকে পরিশেবা দেওয়ার জন্য কাজ করি। মানুষকে পরিশেবা থেকে বঞ্চিত করার জন্য নয়। পুরবোর্ড শপথ নিয়েই দ্রুত পরিশেবা স্বাভাবিক করবে দাবি পাপাই ঘোষের।

 

 

About Post Author