Home » বিক্রেতার গায়ে গরম চা ঢালল ক্রেতা, কিন্তু কেন?

বিক্রেতার গায়ে গরম চা ঢালল ক্রেতা, কিন্তু কেন?

সময় কলকাতা ডেস্ক:  খদ্দের চা খাওয়ার পর দোকানদারকে দিয়েছিলেন ছোটো এক টাকার কয়েন। কিন্তু ওই টাকা নিতে অস্বীকার করেন দোকানদার। আর তারপরেই আচমকা ফুটন্ত চা তুলে দোকানদারের গায়ে ঢেলে দিলেন খরিদ্দার।বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার হাসপাতাল মোড়ে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে।ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তদের আটকে রেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে অভিযুক্তদের আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে দুই যুবক ও দুই মহিলা ডায়মন্ড হারবার হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে যান। তাঁরা চা খাওযার পর দোকানদারকে ছোটো এক টাকার কয়েন দেন।প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ছোট এক টাকা নিতে অস্বীকার করে দোকানদার। তা নিয়ে দুপক্ষের বচসা শুরু হয়। বচসার সময়ে উনুনের উপর থেকে ফুটন্ত তা তুলে দোকানদারের গায়ে ঢেলে দেন। তাতেই দোকানদারের মুখ ও বুকের কিছুটা অংশ পুড়ে যায়।আহত অবস্থায় দোকানদারকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার কথা চাউর হতেই সাতসকালে হাসপাতাল মোড়ে ব্যপক উত্তেজনা ছড়ায়। প্রচুর মানুষ জড়ো হয়ে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। এরপর পুলিশের হাতে তুলে দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, চারজনই মদ্যপ অবস্থায় এই অমানবিক কাজ করেছে।

 

About Post Author