Home » অবশেষে  কফিন বন্দী ৪ শ্রমিকের দেহ ফিরল ভিন রাজ্য থেকে

অবশেষে  কফিন বন্দী ৪ শ্রমিকের দেহ ফিরল ভিন রাজ্য থেকে

সময় কলকাতা ডেস্কঃভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত ৪ জন শ্রমিকের দেহ ফিরল এরাজ্যে। এদের ৪ জনের মধ্যে ৩ জন ছিল উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের বাসিন্দা।রবিবার কফিনবন্দি হয়ে ওই ৩ জনের মৃতদেহ নিয়ে আসা হল অশোকনগরে।এই ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।শেষবারের মতো মৃতদেহগুলি দেখার জন্য স্থানীয় বাসিন্দা সহ আশেপাশের মানুষের ঢল নামে গ্রামে। প্রসঙ্গত,করোনার তৃতীয় ঢেউ-এর আতঙ্ক আর দীর্ঘ লকডাউনের হতাশা কাটিয়ে ভিন রাজ্যে যেতে শুরু করেছিলেন এ রাজ্যের বিভিন্ন পেশায় দক্ষ শ্রমিকরা।তেমনই কোচির কালামাসেরিতে একটি নির্মাণ সংস্থার হয়ে উত্তর ২৪ পরগনার অশোকনগর ও হরিণঘাটার বেশ কিছু শ্রমিক পাড়ি দিয়েছিলেন কেরালার কোচিতে।তারা মার্চের ৫ তারিখে এ রাজ্য থেকে রওনা দিয়েছিলেন কেরালার কোচিতে ।শুক্রবার সেখানকারই একটি নির্মীয়মান বাড়িতে ধস নামে।

আর এই ভূমিধসের কারণে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার ৩ শ্রমিক ও হরিণঘাটা থানা এলাকার ১ শ্রমিকের মৃত্যু হয়।এরপর থেকেই গ্রামের মানুষেরা অপেক্ষায় ছিল কখন সেই মৃতদেহগুলি তাদের পরিবারের সদস্যদের কাছে ফেরত আসবে।ঠিক সেই মতই রাজ্য সরকার ও কেরল সরকারের সহযোগিতায় রবিবার কফিনবন্দি অবস্থায় দমদম বিমানবন্দরে এসে পৌঁছায় মৃতদেহগুলি।সেখান থেকেই অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের আসুদি গ্রামে মৃতদেহ নিয়ে আসেন পরিবারের সদস্যরা। অন্যদিকে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় স্থানীয় সকলের একটাই আবেদন সরকারের কাছে,যাতে মৃতদের পরিবারগুলিকে আর্থিক সহযোগিতা করে রাজ্য সরকার। এই রাজ্যে কাজের অভাবেই ভিন রাজ্যে গিয়েছিল তারা কাজের উদ্দেশ্যে। সেখানেই  তারা যে এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে তা স্বপ্নেও ভাবতে পারেনি আত্মীয়স্বজন থেকে শুরু করে স্থানীয়রা।

About Post Author