Home » ১ কোটি ৭০ লক্ষ রেশন কার্ড বাতিলের খাতায় আরও কত বাতিল হবে জানেন কি?

১ কোটি ৭০ লক্ষ রেশন কার্ড বাতিলের খাতায় আরও কত বাতিল হবে জানেন কি?

সময় কলকাতা ডেস্ক : চলতি আর্থিক বছরে খাদ্য সাথী,দুয়ারে সরকার খাতে ২৯৭৮ কোটি টাকা বেশি খরচ করতে হয়েছে সরকারকে। এবার সেই খরচে লাগাম টানতে  নিষ্ক্রিয় করা হল ১ কোটি ৭০ লক্ষ রেশন কার্ড। যার ফলে রাজ্যের প্রায় আড়াই হাজার কোটি টাকা বাঁচল রাজ্যের কোষগারের।  এই পরিসংখ্যান আগেই শোনা গেছিল। এবার সেই নিস্ক্রিয় রেশন কার্ডের সংখ্যাটা বেড়ে প্রায় আর আড়াই কোটি হতে পারে বলে মত খাদ্য দপ্তরের। সবমিলিয়ে রাজ্য প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা মতন বাঁচাতে চলেছে।প্রশাসনিক সূত্রে খবর,  খাদ্যসাথী এবং দুয়ারে রেশন প্রকল্পের জন্য প্রায় ২৯৭৮ কোটি টাকা বেশি খরচ করতে হচ্ছিল সরকারকে। তাই রেশন কার্ড নিষ্ক্রিয় হলে পূর্বের সেই অতিরিক্ত খরচ ওই দুই প্রকল্পের পাশাপাশি অন্যান্য প্রকল্পের খরচের খাতে যুক্ত হতে পারে।

তবে নিষ্ক্রিয় রেশন কার্ড পুরোপুরি বাতিল হবে না। উপযুক্ত তথ্যপ্রমাণ দিয়ে উপভোক্তা নিজেরাই অনলাইন বা অফলাইনের মাধ্যমে পুনরায় সেই কার্ড চালু করতে পারবেন। যার ফলে উঠে আসবে ভুয়ো বা মৃত মানুষেদের রেশন কার্ডের প্রকৃত তথ্য। দুর্নীতি ঠেকানো যাবে গোটা রাজ্যের রেশন ব্যবস্থায়।ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত হওয়ায় প্রায় ৮ কোটি উপভোক্তা এতে উপকৃত হয়েছেন। ইতিমধ্যেই গ্রাহকদের ফোন নম্বরের সঙ্গে আধার কার্ড যুক্ত হওয়ায় রেশনের নানা তথ্য উপভোক্তার মোবাইলে সরাসরি পাঠানো শুরু হয়েছে । ফলে রাজ্য জুড়ে কোন পরিবার কত পরিমাণে রেশন পাওয়ার যোগ্য তাও মোবাইলে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জানানো হচ্ছে । এতে রেশন পরিষেবা আরও স্বচ্ছ হবে বলে মত রাজ্য প্রশাসনের।

About Post Author