Home » ছাত্রদের সংগৃহীত অর্থে রাস্তা মেরামত ! প্রশাসনের লজ্জা, এরপরেও কি ঘুম ভাঙবে না ?

ছাত্রদের সংগৃহীত অর্থে রাস্তা মেরামত ! প্রশাসনের লজ্জা, এরপরেও কি ঘুম ভাঙবে না ?

সময় কলকাতা ডেস্ক : কয়েকদিন আগেই রাস্তা খারাপের জন্য মর্মান্তিক দুর্ঘটনায় হারাতে হয়েছে বান্ধবী নাতাশাকে৷ নাতাশা যে নেই, এখনও ভাবতে পারছে না স্কুলের সহপাঠীরা। তবে এই মর্মান্তিক মৃত্যুর পরও বেহাল রাস্তা সারিয়ে দীর্ঘদিনের সমস্যা মেটানোর কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন। তাই এবার সেই বেহাল রাস্তা সারাইয়ের উদ্যোগ নিল স্কুলের পড়ুয়ারাই। রাস্তায় নেমে তারা অর্থ সংগ্রহ করা শুরু করেছে। পথচলতি সবার কাছে তাদের আবেদন, “কিছু টাকা দিয়ে সাহায্য করে আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচান।উল্লেখ্য গত ৯ ই মার্চ বিদ্যালয়ে যাওয়ার পথে পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ নং ব্লকের বেলতলা – সরবেড়িয়ার বেহাল গ্রামীণ রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় ব্রাহ্মণবসান উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী নাতাশা পড়িয়ার।সেই সময় বেহাল রাস্তাকেই দায়ী করে পথ অবরোধ করেন স্থানীয়রা। দ্রুত রাস্তা মেরামতের আশ্বাসে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর ওঠে সেই অবরোধ। তবে তারপরও দিনের পর দিন কেটে গিয়েছে, কলমীজোড়ের নাতাশার মৃত্যুতে ক্রমে উত্তপ্ত হয়েছে ছাত্র সমাজ। তবু রাস্তা মেরামতির কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি প্রশাসনকে৷বাধ্য হয়ে অবশেষে ওই এলাকার আশপাশের সড়বেড়িয়া বি সি রায় উচ্চবিদ্যালয় ও ব্রাহ্মণবসান উচ্চবিদ্যালয়ের মতো একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুল ড্রেস পরেই কলমীজোড়ের ওই বেহাল রাস্তায় পথে নেমেছে, হাত পেতে অর্থ সংগ্রহ করছে। সেই অর্থ বিডিওর হাতে তুলেও দেয়। পড়ুয়াদের এই উদ্যোগে খুশি স্থানীয়রা৷ তাঁদের অভিযোগ, দাসপুর ১ নম্বর ব্লক প্রশাসন থেকে শুরু করে মন্ত্রী শিউলি সাহা – এই সমস্যা সবার গোচরে আনলেও কোনও লাভ হয়নি। ছাত্রদের সংগৃহীত অর্থে রাস্তা মেরামত! এরপরেও কি ঘুম ভাঙবে না প্রশাসনের? উত্তর খুঁজছে পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দারা।

About Post Author