Home » কাগজের অভাব,শ্রীলঙ্কায় বন্ধ পরীক্ষা!

কাগজের অভাব,শ্রীলঙ্কায় বন্ধ পরীক্ষা!

সময় কলকাতা ডেস্কঃ স্বাধীনতার পর থেকেই সবচেয়ে খারাপ সময় পার করছে শ্রীলঙ্কা।বর্তমানে ধসে পড়েছে দেশটির অর্থনৈতিক কাঠামো। শ্রীলঙ্কা জুড়ে ১০ লক্ষেরও বেশি স্কুলে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বাতিলের ঘোষণা করল শ্রীলঙ্কা সরকার। স্কুলে এবার ছাপার পরীক্ষার কাগজ ফুরিয়ে যাওয়ার কারণেই মূলত এমন কঠিন সিদ্ধান্ত সে দেশের সরকারের।

সোমবার অর্থাৎ আজ থেকেই টার্ম পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল দেশটির বিভিন্ন স্কুলে।কিন্তু শনিবার শিক্ষা বিভাগীয় কর্তৃপক্ষের তরফে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত জানানো হয়।

বর্তমানে পরীক্ষা নেওয়ার জন্য কাগজের জোগান দেওয়ার মতো সক্ষমতা নেই শ্রীলঙ্কার শিক্ষা দপ্তরের।এমনকি কাগজ আমদানি করার মতো পর্যাপ্ত অর্থও নেই তাদের হাতে।তার জেরেই এমন সিদ্ধান্তে এই দেশটির ৪৫ লক্ষ শিক্ষার্থীর মধ্যে দুই তৃতীয়াংশের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

শ্রীলঙ্কায় কাগজ মূলত আমদানি করেই আনা হয়ে থাকে।পাশাপাশি আমদানি করা হয় কালিও।সেই প্রসঙ্গে শিক্ষা দফতরের এক কর্তা জানিয়েছেন,‘যাঁরা প্রশ্নপত্র ছাপায় তাঁদের কাছে পর্যাপ্ত পরিমাণে বিদেশি মুদ্রা না থাকায় কাগজ এবং কালির জোগাড় করতে পারছেন না তাঁরা।ফলে পরীক্ষা পিছিয়ে দেওয়া ছাড়া আপাতত কোনও উপায়ই আমাদের নেই।’

প্রসঙ্গত,করোনা মহামারির শুরুর পর থেকেই তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে শ্রীলঙ্কা।বৈদেশিক মুদ্রার অভাবে দেশটিতে ব্যাপক খাদ্য ঘাটতির পাশাপাশি জ্বালানিতেও অভাব দেখা দিয়েছে।মূল্যস্ফীতির ফলে পণ্যেরও দাম বেড়েছে কয়েক গুণ।ফলে শুধু কাগজের অভাবই নয়,ওষুধপত্রের জোগানেও টান পড়েছে দেশটিতে।

About Post Author