Home » রামচন্দ্রপুর থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনার বিস্কুট, আটক ১

রামচন্দ্রপুর থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনার বিস্কুট, আটক ১

সময় কলকাতা ডেস্ক : ফের উত্তর ২৪ পরগনার পাঁচপোতার রামচন্দ্রপুর সীমান্ত এলাকা থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনার বিস্কুট। ঘটনায় যুক্ত এক ব্যক্তিকে আটক করেছে বিএসএফ জওয়ানেরা।ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার সীমান্তবর্তী এলাকায়। জানা গেছে, ধৃত ব্যক্তির নাম সুমন মণ্ডল। তিনি উত্তর ২৪ পরগণার চোরাইগাছি গ্রামের বাসিন্দা। ধৃতের কাছ থেকে ১১৭২.৫৬ গ্রামের ১০ টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫৮,৯৭,৯৭৬ টাকা।সোমবার ১০৭ ব্যাটালিয়নের জওয়ানরা গোপনে খবর পেয়ে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালান। সেখান থেকে উদ্ধার হয় ১০টি সোনার বিস্কুট। ঘটনায় ধৃত সুমন মণ্ডলকে জিজ্ঞসাবাদ করে জানা যায়, তার চাষের ক্ষেতটি বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া। সেখান থেকে তার পরিচয় হয় বাংলাদেশের গিবা গ্রামের বাসিন্দা জুবের সঙ্গে। জুবেরই বনগাঁর বাসিন্দা মীনাজের হাতে এই ১০টি সোনার বিস্কুট তুলে দেওয়ার নির্দেশ দেয় সুমনকে। পাশাপাশি একাজে তাকে সাহায্য করত তার স্ত্রী। মাস গেলে সেও ১০০০ টাকা করে পেত বলে দাবি করে সুমন।

আটক ওই ব্যক্তিকে সোনার বিস্কুট সহ বনগাঁর কাস্টমস দপ্তরে হস্তান্তর করা হয়। এক বিএসএফ জওয়ান জানান, সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রুখতে কঠোর ব্যবস্থা গ্রহন করেছে। যারা ধরা পড়ছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

About Post Author