Home » আলুর বন্ড না পেয়ে পথ অবরোধ আলু চাষিদের

আলুর বন্ড না পেয়ে পথ অবরোধ আলু চাষিদের

সময় কলকাতা ডেস্কঃ আলুর বন্ড না পেয়ে পথ অবরোধ আলু চাষিদের। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঝুমুর এলাকায়। মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা আলুর বন্ড নিতে ঝুমুর হিমালয়ান কোল্ড স্টোরেজে আসেন। অভিযোগ সেই সময় আলুচাষিদের বন্ড নিয়ে হিমঘর কতৃপক্ষের সাথে ঝামেলা হয়। এরপরই ক্ষুব্ধ চাষিরা হিমালয়ান কোল্ড স্টোরেজের গেটে তালা ঝুলিয়ে ময়নাগুড়ি থেকে ধূপগুড়িগামী জাতীয় সড়ক অবরোধ করে।

তাদের অভিযোগ, এক শ্রেণীর ব্যবসায়ীরা আলুর বন্ড পাচ্ছে অথচ কৃষকরা আলুর বন্ড পাচ্ছে না। এর আগেও আলুর বন্ড না পেয়ে বিক্ষোভ দেখায় আলুচাষিরা। এমনকি অভিযোগও ওঠে শাসকদলের ছত্রছায়ায় যারা আছেন তারাই শুধু আলুর বন্ড পাচ্ছে। আলু চাষিদের আশ্বাস দেওয়া হয়েছিল একটি নির্দিষ্ট তারিখে জেলার সরকারি কৃষি দফতর থেকে আলুর বন্ড সংগ্রহ করতে পারবে। তারপরেও চাষিরা সেই দফতরের সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও আলুর বন্ড পাননি এমনটাই অভিযোগ। তারপরই ক্ষুব্ধ আলুচাষিরা পথ অবরোধে সামিল হয়।

এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। বেশ কিছুক্ষন অবরোধের পর পুলিশি হস্তক্ষেপে ওঠে অবরোধ।

About Post Author