Home » অপ্রশস্ত,বেহাল রাস্তায় ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবকের

অপ্রশস্ত,বেহাল রাস্তায় ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবকের

সময় কলকাতা ডেস্ক : রাস্তা অপ্রশস্ত ও বেহাল। দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে অশোকনগরের খোশদিলপুরের বাসিন্দা ও নিত্যযাত্রীদের।প্রাণ যাচ্ছে মানুষের।বৃহস্পতিবার মৃত্যুমিছিলে আরেকটি নাম সংযোজিত হল।বৃহস্পতিবার সরু অপ্রশস্ত রাস্তায় মর্মান্তিকভাবে প্রাণ ঝরে পড়লএক তরতাজা যুবকের।সিমেন্ট বোঝাই এক ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পেশায় দিনমজুর মোশারফ সাহাজির। বছর ৩৫ -এর মোশারেফের মৃত্যুর জন্য স্থানীয় অধিবাসীরা যত না দুষছেন ঘাতক ট্রাকের অনিয়ন্ত্রিত গাড়ি চালনাকে, তার চেয়ে বেশি ক্ষোভ নজরদারীহীন বেহাল রাস্তার দুর্দশাকে ঘিরে।অশোকনগর থানার খোসদিলপুর এলাকায় দুর্ঘটনার পরে চলে রাস্তা জুড়ে ক্ষোভ- বিক্ষোভ।

ঘটনায় প্রকাশ , খোশদিলপুরের বাসিন্দা আর্থিকভাবে অস্বচ্ছল । তার এক শিশু সন্তান রয়েছে। প্রতিদিনের মত কাজে বেরিয়ে বাড়ি ফেরার সময়ে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ যায় তার। বাড়ি আর ফেরা হয় নি মোশারফের ।অশোকনগর থানা ঘাতক গাড়িটিকে আটক করেছে।ঘটনার পর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।এমন কি রাস্তা নিয়ে দুর্নীতি করার অভিযোগ তোলেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দার কথায়, সরু রাস্তার কারণে বারবার একই জায়গায় দুর্ঘটনা ঘটে চলেছে । পাশাপাশি তাদের দাবি, এই রাস্তা অবিলম্বে বড় করতে হবে।অন্য এক স্থানীয়ের কথায়, মাসে একটা দুটো করে দুর্ঘটনা প্রায়শই ঘটছে । নিরীহ মানুষদের জীবন দিতে হচ্ছে। এই রকম ঘটনা যাতে পরবর্তীতে আর না ঘটে সে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান স্থানীয়রা।

About Post Author