সময় কলকাতা ডেস্ক: চিকিৎসা চলাকালীন অবস্থায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল এক রোগী। ঘটনায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফের উদাসীনতার অভিযোগ তুলল রোগীর পরিবার। বুধবার রাতে ওই রোগীকে ছুটি নিতে এসে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাননি বলে অভিযোগ। এরপরই শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ রোগীর নাম মিঠুন দাস (৪০)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা এলাকায়। গত সপ্তাহের শুক্রবার হোলির দিন বেআইনি মদ বিক্রির অভিযোগে মিঠুন দাসকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সোমবার পুলিশি হেফাজতে থাকাকালিন অসুস্থ হয়ে পরে ওই রোগী। ওই দিনই জামিনও পেয়ে যায় মিঠুন দাস। পুলিশের হেফাজতে চরম অসুস্থ হয়ে পড়লে মিঠুন দাসকে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করে সংশ্লিষ্ট থানার পুলিশ। বুধবার মিঠুন দাস নামে ওই রোগীকে ছুটি দেওয়ার কথা ছিল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। কিন্তু ছুটি করাতে গিয়ে দেখা যায় অদ্ভুতভাবে আর খোঁজ মিলছে না ওই রোগীর।
নিখোঁজ রোগীর স্ত্রী পার্বতী দাস জানান, ‘মিঠুন দাসকে বেআইনি মদ বিক্রির জন্য পুলিশ ধরেছিল। এরপর সে পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পরে। সোমবার তাকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বিষয়টি আমাদের সংশ্লিষ্ট থানার পুলিশ ফোন করে জানায়। বুধবার রাতে যখন রোগীকে দেখতে আসি তখন জানতে পারি মেডিকেল কলেজে মিঠুন দাস নেই।’
তবে কি কারনে ওই রোগী নিখোঁজ হয়ে গেল সে ব্যাপারেও রীতিমতো ধন্দে পড়ে গিয়েছে মিঠুন দাসের পরিবার। যদিও এখনো পর্যন্ত এবিষয়ে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ