Home » পাল্টে গেল জাতীয় সঙ্গীতের ভাষা, সৌজন্যে রাজনৈতিক নেত্রী, একাধারে শিক্ষিকাও

পাল্টে গেল জাতীয় সঙ্গীতের ভাষা, সৌজন্যে রাজনৈতিক নেত্রী, একাধারে শিক্ষিকাও

সময় কলকাতা ডেস্কঃ শেষ পর্যন্ত রাজনৈতিক নেতা নেত্রীদের সৌজন্যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা জাতীয় সঙ্গীতের ভাষাও পালটে গেল। মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঁথি শহরে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল।সেই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাইলেন কাউন্সিলর রিনা দাস। তিনি গেয়ে উঠলেন ভুল জাতীয় সঙ্গীত। তিনি গাইলেন “বিন্দ্য হিমাচল যমুনার গঙ্গা  উৎকল জলধিত রঙ্গ, তব শুভ আশিস মাগে, তব শুস আশিস জাগে, জয় হে তব জয় গাথা, জনগনমন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা—- “ । হায় ভারত,হায় ভারতের রাজনীতির ভাগ্য বিধাতা। এই রাজনৈতিক ভাগ্য বিধাতাদের দেশের আমজনতাকে নতুন করে পাঠ দেওয়ার পদ্ধতির  শুরু অনেকদিন আগেই।অনেক রাজনৈতিক নেতাই এই তালিকায় নাম লিখিয়েছেন। গত লোকসভা নির্বাচনে  ভোটের প্রচারে এসে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভায় বলেছিলেন, সীতা রামচন্দ্রের মা। নরেন্দ্র মোদী বলেছিলেন, ১৯৮৮ সালে ডিজিটাল ক্যামেরা ও মেল ব্যবহারের কথা। আবার সেই তালিকাতেই সংযোজিত হয়েছিল রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের নামও। তিনি আবার দাবি করেন, সহজ পাঠ বিদ্যাসাগরের লেখা। পরে অবশ্য দিলীপ ঘোষ এই মন্তব্য প্রত্যাহার করেন।

ঘটনার সুত্রপাত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছিল তৃণমূল। মিছিল শেষে সভা করে তৃণমূল নেতৃত্ব। আর সেই সভাতেই ঘটে গেল বিপত্তি। সভায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু বিপত্তি হল সভার শেষে। অনুষ্ঠান শেষ হওয়ার সময় জাতীয় সঙ্গীত গাইলেন জেলার নেতা-নেত্রীরা। মাইক ছিল সদ্য নির্বাচিত কাউন্সিলর রিনা দাসের হাতে। আর তিনি গেয়ে উঠলেন ভুল জাতীয় সঙ্গীত।

কাঁথি পুরসভার কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল রিনা দাস, যিনি নিজে  শুধু কাউন্সিলর নন তিনি একটি স্কুলের পাশ্বশিক্ষিকাও! স্বভাবতই, শিক্ষিকা নিজেই ভুল জাতীয় সঙ্গীত গাওয়ায় বিজেপি নেতৃত্বরা বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তাঁদের কটাক্ষ, তৃণমূল শুধু গঙ্গাজলে আর গোবরে বিশ্বাসী। বিজেপি নেতাদের যেখানে যেখানে পা পড়ে সেখানে গঙ্গাজল আর গোবর দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ করে, কিন্তু নিজেদের শুদ্ধিকরণ করার কথা আর মনে থাকেনা  যদিও এই ঘটনা প্রসঙ্গে রিনাদেবীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

 

 

About Post Author