Home » টার্গেট মতুয়া নয়, যানজট থেকে সমস্যা

টার্গেট মতুয়া নয়, যানজট থেকে সমস্যা

সময় কলকাতা ডেস্ক : টার্গেট কোনও বিশেষ এক গোষ্ঠীর মানুষ নয়, যানজট সমস্যা তৈরী করায় পরিস্থিতি অন্যদিকে গড়িয়েছে।বারাসাতের কাজিপাড়ায় মতুয়া ধর্মযাত্রী মানুষদের আক্রান্ত হওয়ার অভিযোগের প্রেক্ষাপট ও তার সত্যাসত্য শনিবার  সাংবাদিক সম্মেলন করে জানালেন বারাসাত পুলিশ জেলার সুপার রাজনারায়ণ মুখার্জি।তিনি পরিষ্কার করে জানান,অভিযোগ উঠছে কোনও এক জনগোষ্ঠীকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে যা সঠিক নয়।

সিসিটিভি ফুটেজ থেকে আসল ঘটনাটি পরিষ্কার হয়ে যায় বলেই দাবী বারাসাত জেলা পুলিশ সুপারের । তিনি জানান ,কাজিপাড়া এলাকায় একটি সরু ব্রিজ রয়েছে এবং সেখানেই সমস্যার উদ্ভব।ঘটনার রাতে ওই ব্রিজে যানজট তৈরি হয়,এক এক করে গাড়িগুলোকে পাস করানো হচ্ছিল আর সেই সময় স্থানীয় মানুষরাও সেখানে হাজির ছিল।এসময় একটি বাস হঠাৎই নিয়ম আর লাইনের তোয়াক্কা না করে এগিয়ে যায় । বাসে আচমকা কেউ ইট মারে,তারপর কিছু মানুষ বাস থেকে নেমে প্রতিবাদ করলেই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে হাতাহাতির সূত্রপাত  এবং অতঃপর জনৈকের মাথা ফাটে ।যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয় বলে মনে করেন পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি যদিও মতুয়া সম্প্রদায়কে লক্ষ্য করে আক্রমণ করার অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন তিনি। পুলিশ সুপার আরও জানান,ইতিমধ্যেই ৪ জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, আরও কেউ জড়িত কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে ।।

About Post Author