সময় কলকাতা ডেস্কঃতিন দিন ধরে নিখোঁজ ১৬ বছরের মানসিক ভারসাম্যহীন,মূক ও বধির ছেলে।কান্নায় ভেঙে পড়েছে দিনমজুর বাবা।তিন দিন ধরে হন্যে হয়ে খোঁজার পরও পাওয়া যায়নি ছেলেকে।অবশেষে পুলিশের দ্বারস্থ অসহায় বাবা- মা।দুশ্চিন্তায় পরিবারের লোকেরা।মালদহ জেলার হরিশচন্দ্রপুরের টেটিয়া গ্রামের ঘটনা।
পরিবার সূত্রে জানা গিয়েছে,জন্ম থেকেই মানসিক ভাবে ভারসাম্যহীন ও মূক এবং বধির ওই যুবক। হঠাৎই ১ এপ্রিল সকাল আটটার সময় সে বাড়ি থেকে বেরিয়ে যায়।তারপর থেকেই আর বাড়ি ফেরেনি।বাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করলে কোথাও তার খোঁজ মেলেনি।অবশেষে তিনদিন ধরে কোনোভাবেই ছেলের খোঁজ না পাওয়ায় সোমবার তার বাবা ফজলুর রহমান হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নিখোঁজ ওই যুবকের বাবা পুলিশকে জানান,‘বাড়ি থেকে বেরোনোর সময় ছেলের পরনে সাদা জামা এবং কালো প্যান্ট ছিল।গায়ের রং শ্যাম বর্ণ এবং উচ্চতা ৫ ফুট।আমরা মালদা এবং কাটিহারে খোঁজ করেছি।তাও খুঁজে পাইনি ছেলেকে।আমার ছেলে পাগল এবং কোনো কথা বলতে পারেনা।কোথায় কিভাবে চলে গেল আমরা বুঝে উঠতে পারছিনা।আমরা চাই পুলিশ সন্ধান করে আমাদের ছেলেকে ফিরিয়ে দিক।‘
তবে ওই যুবক আদৌ নিখোঁজ নাকি অপহরণ করা হয়েছে তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন? ইতিমধ্যেই সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫