সময় কলকাতা ডেস্কঃ একের পর এক উদ্ধার হছে বেআইনি অস্ত্র ও বোমা। গ্রেপ্তারও হয়েছে একাধিক দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজে দিনরাত জোরকদমে নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশ একটু সক্রিয় হতেই রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে একের পর এক আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির কারখানাও।
রবিবার রাতে মালদহের চাঁচল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চাঁচলের খবরা এলাকায় বিশেষ অভিযান চালায়। ওই এলাকারই একটি ফাঁকা জায়গায় সন্দেহজনক ভাবে ঘুরতে থাকা এক দুষ্কৃতীকে আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তলসহ এক রাউন্ড কার্তুজ। এরপরই পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে চাঁচল থানায় নিয়ে আসে। চাঁচল থানার আই.সি সুকুমার ঘোষ জানান, ধৃত ওই দুষ্কৃতীর নাম তমাল দাস। সে খরবা এলাকার বাসিন্দা। সোমবার অর্থাৎ আজ পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলেই জানা গিয়েছে।

অন্যদিকে, পুলিশি পরিচয় দিয়ে তোলাবাজি করার অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রাজারহাট থানার পুলিশ। তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি। ধৃত ওই যুবকের নাম ছিদাম মণ্ডল। তার বাড়ি উত্তর ২৪ পরগণা জেলার খরিবারি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজারহাট এলাকায় বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন ধরে পুলিশি পরিচয়ে হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগ আসছিল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে রাজারহাট থানার পুলিশ। অবশেষে রবিবার রাতে রাজারহাটের হাড়োয়া খাল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃত ওই দুষ্কৃতীকে সোমবার অর্থাৎ আজ বারাসত আদালতে তোলা হবে।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের পরেই নজরদারি বাড়ায় সাঁইথিয়া থানার পুলিশ। পুলিশ তল্লাশি চালাতেই ফের বোমা উদ্ধার হল বীরভূমে। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে সাঁইথিয়া থানার অন্তর্গত বনগ্রাম এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ্। আর তাতেই বড়সড় সাফল্য পায় পুলিশ। সোমবার ওই এলাকারই একটি জঙ্গলে মোট ২০টি বোমা উদ্ধার করে পুলিশ। বোমাগুলি আপাতত পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে। ইতিমধ্যেই বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই টনক নড়ল হাঁসখালি থানার পুলিশের। রবিবার রাতে হাঁসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালির ইটাবেরিয়া গ্রামে অভিযান চালায়। ওই গ্রামেরই একটি পরিত্যক্ত পাম্প হাউসের কাছ থেকে উদ্ধার হয় আটটি আগ্নেয়াস্ত্র সহ পাঁচটি বোমা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে কে বা কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে আগ্নেয়াস্ত্র উদ্ধারের এই ঘটনা হাঁসখালি থানার পুলিশের বড় সাফল্য বলেই মনে করছেন বিভিন্ন মহল।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫