সময় কলকাতা ডেস্কঃ একটি সরকারি হোম থেকে নিখোঁজ দুই কিশোরী। বুধবার স্কুল ছুটির পর নিখোঁজ হয়ে যায় দুজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। স্থানীয় সূত্রে খবর, বছর তেরোর দুই কিশোরী ২০১৯ সাল থেকে উত্তরপাড়া চিল্ড্রেন হোম ফর গার্লসের আবাসিক। উত্তরপাড়া অমরেন্দ্র গার্লস স্কুলে পড়ে তারা।

হোম সূত্রে খবর, বুধবার সকালে অন্য আবাসিকদের সঙ্গে স্কুলে যায় তারা। স্কুল ছুটির পর তাদের আর কোন খোঁজ নেই। রেল স্টেশন, ফেরিঘাট সহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়। দুই কিশোরীর কোনো খোঁজ না পাওয়ায় উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় হোমের পক্ষ থেকে। হোম কর্তৃপক্ষের তরফে আরও জানান হয়, উত্তরপাড়ার মাখলার বাসিন্দা এক কিশোরী গত ২০১৯ সালের মার্চ মাস এবং ব্যান্ডেলের এক কিশোরী ওই বছরই আগস্ট মাস থেকে হোমে ছিল। হোম থেকে কিছুটা দূরে উত্তরপাড়ারই অমরেন্দ্র গার্লস স্কুলে পড়াশুনো করত।
পুলিশ সূত্রে খবর, অনাথ শিশু ও কিশোরীদের উত্তরপাড়া হোমে রাখা হয়। স্কুল ছুটির পর দুই কিশোরী নিখোঁজ হয়ে যায়। তাঁদের খোঁজ চলছে।
উত্তরপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড সিপিএম কাউন্সিলর সুস্মিতা সরকার বলেন, “হোমের দুই কিশোরী নিখোঁজ হয়েছে শুনেছি। হোম থেকে পুলিশকে জানানো হয়েছে। আশা করি, উদ্ধার হয়ে যাবে”।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর