Home » নববর্ষে কি মিলবে বৃষ্টির দেখা, কি বলছে হাওয়া অফিস?

নববর্ষে কি মিলবে বৃষ্টির দেখা, কি বলছে হাওয়া অফিস?

সময় কলকাতা ডেস্ক: চৈত্রের শেষ দিনেও গরমে নাজেহাল বঙ্গবাসী। রোদের দাপটের পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিতে ঘেমে নেয়ে একসা বঙ্গবাসী। গরম থেকে একটু স্বস্তি পেতে বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো হা করে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। তবে সুখবর জানিয়েছে হাওয়া অফিস, নববর্ষেই নামতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। আজ, কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৪° এবং ২৯° সেলসিয়াস। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৪° এবং ২৭° সেলসিয়াস।

আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম বাতাসের উপর ভর করে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে এই রাজ্যে। তার জেরেই এই বৃষ্টি।

অন্যদিকে লাগাতার বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আগামী ২৪ ঘন্টা লাগাতার বৃষ্টি চলবে পাহাড়ে। বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের হিমালয় পাদদেশ সংলগ্ন ৫টি জেলা। আগামীকাল অর্থাৎ ১৫ এপ্রিল নববর্ষের দিনেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

About Post Author