Home » মেলা দেখতে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ বন্ধুরদের বিরুদ্ধে

মেলা দেখতে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ বন্ধুরদের বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্কঃ মেলা দেখতে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে খুনের অভিযোগ উঠল তিন বন্ধুর বিরুদ্ধে।গঙ্গাসাগর থানার গোবিন্দপুর এলাকার ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।মৃত যুবকের নাম শেখ নুর মহাম্মদ(২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,নববর্ষের দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যা বেলায় মৃত ওই যুবক তিন বন্ধুর সঙ্গে গোবিন্দপুরের চড়কের মেলা দেখতে বেরিয়েছিল।রাতে তাঁর বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে পরিবারের সদস্যরা রাতের খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন।নুরের দাদা শনিবার ভোর তিনটের সময় উঠে  নামাজ পড়বে বলে বাড়ি থেকে বের হয়।এরপরই সে দেখতে পায় বাড়ির কাছে একটি গাছে ভাইয়ের মৃতদেহ ঝুলছে।এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে।স্থানীয়দের তরফে এদিন সকালে গঙ্গাসাগর থানার পুলিশের কাছে খবর পৌঁছায়।খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে ঝুলন্ত যুবকের মৃতদেহ উদ্ধার করে।যদিও শেখ নুরকে খুন করে দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই দাবি করেন তাঁর পরিবারের সদস্যরা।

অভিযোগ,মৃত ওই যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে।এরপর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত যুবকের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে গঙ্গাসাগর থানার পুলিশ সাদ্দা হোসেন নামে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।পাশাপাশি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০২,৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করেছে।রবিবার অভিযুক্ত সাদ্দা হোসেনকে কাকদ্বীপ দেওয়ানি ও ফৌজদারি আদালতে তোলা হয়।পুলিশ ৭ দিনের হেপাজত চাইলেও মহামান্য আদালত ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

About Post Author