সময় কলকাতা ডেস্কঃ চাইনা খোলামুখ কয়লা খনি প্রকল্প। প্রয়োজন নেই চাকরির। সরকারকে লিখিতভাবে এই প্রকল্প বাতিলের কথা জানাতে হবে। এই সমস্ত দাবি নিয়ে সোমবার দেউচা পাচামি কোল ব্লক এলাকার বিভিন্ন জায়গায় অবরোধ করে স্থানীয় আদিবাসীরা। হাতে তির ধনুক, বাঁশ, লাঠি নিয়ে জেলাশাসককে এলাকায় ঢুকতে বাধা দেয় আদিবাসীরা৷ বেশ কয়েকজনকে চাকরির নিয়োগপত্র, পাট্টা ও চেক বিতরণ করতে গিয়েছিলেন বীরভূমের জেলাশাসক, জেলা পুলিশ সুপার-সহ প্রশাসনের আধিকারিকরা৷ কিন্তু আদিবাসীদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসতে হয় তাঁদের৷
স্থানীয় আদিবাসীদের আরও অভিযোগ, পাট্টা ও চেক বিতরণ অনুষ্ঠানে বেশ কিছু বহিরাগতদের নিয়ে আসা হয়েছে। ষড়যন্ত্র করছে সরকার। আদিবাসীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। বহিরাগতদের আসা বন্ধ করতে হবে।
এদিন দেউচা পাচামি কোল ব্লক এলাকায় ঢোকার আগেই মথুরা পাহাড়ি, দেওয়ানগঞ্জ সহ বিভিন্ন এলাকায় স্থানীয় আদিবাসীরা বিক্ষোভ দেখাতে থাকে। আর এই বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসতে হয় বীরভূমের জেলা শাসক বিধান রায়, পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী সহ অন্যান্য আধিকারিকদের। গ্রামের কাছে পৌঁছালেও গ্রামের মধ্যে প্রবেশ করতে পারেনি তাঁরা।
আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনি হতে চলেছে বীরভূমের দেউচা-পাচামি। তাই জমি অধিগ্রহণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্যাকেজ ঘোষণা করলেও, আদিবাসীদের একটা বড় অংশ জমি দিতে নারাজ৷ উল্লেখ্য, প্রশাসনের কর্মীরা দফায় দফায় আলোচনা চালায় আদিবাসী নেতাদের সঙ্গে। কিন্তু তাতেও কোনো সমাধান সূত্র মেলেনি এখনও পর্যন্ত।


More Stories
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির