সময় কলকাতা ডেস্ক: কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন রাজ্যের ৫ যুবক। গত ৮ মাস আগে দেগঙ্গা থেকে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিল কয়েকজন যুবক। আর সেই কাজ করতে গিয়ে প্রাণ হারালেন দেগঙ্গার ৫ জন যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন মহম্মদ সামিউল ইসলাম(১৭), মিরাজুল ইসলাম(১৯), নিজামুদ্দিন সাহজি(১৯), মহম্মদ ওমর ফারুক(২৯)ও সারাফাত আলি(২৮)। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।

পরিবারের দাবি, ম্যানহোল পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের কারণে তাঁদের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ৩ জন। এদের মধ্যে ২ জন দেগঙ্গা এবং ১ জন শাসনের বাসিন্দা। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাতে মৃত ওই ৫ যুবকের পরিবারের কাছে তাঁদের মৃত্যুর খবর আসে। জানানো হয়, ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন কয়েকজন শ্রমিক। সেখানে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে প্রাণ হারান ওই পাঁচ শ্রমিক। ঘটনায় গুরুতর জখম আরও চারজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই খবর দেগঙ্গায় পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিবার। এতবড় ঘটনা কিভাবে ঘটল, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্য এবং আত্মীয়রা।

সোমবার মৃত শ্রমিকদের বাড়ি যান স্থানীয় জেলাপরিষদের সদস্য তথা বন এবং ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ। এদিন, মৃতদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি প্রশাসনিক সাহায্যের আশ্বাসও দেন তিনি। তারপরই আজ মঙ্গলবার বারাসাত জেলা শাসকের দপ্তরে বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়ের উপস্থিতিতে মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় দু লক্ষ টাকার চেক। ইতিমধ্যেই প্রশাসনের তরফে মৃতদেহ দেগঙ্গায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


More Stories
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের
জলে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু