Home » তৃণমূল কর্মীকে বোমা মেরে ও কুপিয়ে খুনের অভিযোগ নদিয়ায়

তৃণমূল কর্মীকে বোমা মেরে ও কুপিয়ে খুনের অভিযোগ নদিয়ায়

সময় কলকাতা ডেস্ক: দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। গুরুতর জখম হলেন আরও একজন। বৃহস্পতিবার রাতে নদিয়ার দেবগ্রামের এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।তৃণমূল কর্মীদের লক্ষ্যকরে বোমাবাজি ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ,সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবগ্রামের বাসিন্দা মনিরুল হক এবং তৌহিদ আলী শেখ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে ওই তৃণমূল কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে শত্রুতা লেগেই থাকত ঢাকার কয়েকজন সিপিএম আশ্রিত যুবকদের। বৃহস্পতিবার যখন তারা দেবগ্রাম থেকে বাড়ি ফিরছিল তখন জমপুকুরের পাশে জঙ্গলে বসে ছিল ওই যুবকরা। এরপর ওই দুই তৃণমূল কর্মী আসতেই হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ করে । এলোপাথাড়ি কোপাতে থাকে। চিৎকার চেঁচামেচিতে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

 স্থানীয়রা তড়িঘড়ি আহত দুই কর্মীকে উদ্ধার করে প্রথমে দেবগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে সেখান শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই এক জনের মৃত্যু হয়। আক্রান্তদের পরিবারের দাবি, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

 

About Post Author