Home » এবার করিশ্মা কাপুরের সঙ্গে জুটি বাঁধলেন যিশু সেনগুপ্ত!

এবার করিশ্মা কাপুরের সঙ্গে জুটি বাঁধলেন যিশু সেনগুপ্ত!

সময় কলকাতা ডেস্কঃ বাংলা হিন্দির পাশাপাশি দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেও বর্তমানে জায়গা করে নিয়েছেন যিশু সেনগুপ্ত।এবার তাঁকে দেখা যাবে বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে অভিনয় করতে।জি স্টুডিওর পরবর্তী প্রোজেক্ট ব্রাউন-এর প্রথম দিনের শুটিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন যিশু।অভিনয় রমেশ ডিও পরিচালিত এই প্রোজেক্ট ওয়েব সিরিজ নাকি বড় পর্দায় আসবে তা এখনো পরিষ্কার না।শোনা যাচ্ছে,অভীক বড়ুয়ার ‘সিটি অফ ডেথ’ বইটির ওপর ভিত্তি করেই তৈরি হবে ‘ব্রাউন’।কলকাতায় চলছে এই ক্রাইম ড্রামার শ্যুট।

প্রথম দিনের শ্যুটিং শেষে নিজের সোশ্যাল পেজে নতুন এই প্রোজেক্টের কথা জানালেন যিশু সেনগুপ্ত।যদিও তাঁর চরিত্র নিয়ে এখনও কিছু জানা যায়নি।শুক্রবার একটি ক্ল্যাপ বোর্ডের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ব্রাউন-র প্রথম দিনের প্যাক আপ হল।’এই পোস্টে কমেন্ট করেছেন যিশুর পত্নী নীলাঞ্জনা ভৌমিক সেনগুপ্ত।দীর্ঘ বিরতির পর এই প্রোজেক্টের মাধ্যমেই অভিনয়ে ফিরছেন করিশ্মা কাপুর।২০১২ সালে ‘ডেঞ্জারাস ইশক’ ছবিতে এবং ২০২০ সালে ‘মেন্টালহুড’ ওয়েব সিরিজে তাঁকে শেষ দেখা গিয়েছিল।করিশ্মাও নিজের সোশ্যাল পেজে ব্রাউন-র একাধিক ছবি শেয়ার করে লিখেছেন ‘নতুন শুরু।’

ব্রাউন’-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন করিশ্মা কাপুর।এই প্রোজেক্টে তাঁকে দেখা যাবে একজন গোয়েন্দার ভূমিকায়।সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান,‘ব্রাউন এমন একটি গল্প যা,যে কোনও অভিনেতার জন্য শুধু উত্তেজনাপূর্ণ নয়,বরং চ্যালেঞ্জিংও বটে।আর এটাই আমাকে এই প্রোজেক্টে অভিনয় করতে আকৃষ্ট করেছে। একটি কৌতূহলী গল্পে,একটি মারাত্মক শক্তিশালী চরিত্রে অভিনয় করছি।’

প্রসঙ্গত,গত ৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে যিশু অভিনীত ‘বাবা বেবি ও’ ছবিটি।এই ছবিতে ‘মেঘ রোদ্দুর’-র বাবার ভূমিকায় অভিনয় করেছেন যিশু,যিনি একজন সিঙ্গেল ফাদার এবং সারোগেসির মাধ্যমে যমজ ছেলের বাবা হয়েছেন।ইতিমধ্যেই এই ছবিটি দর্শকমহলে ভালোই সাড়া ফেলেছে।

About Post Author