সময় কলকাতা ডেস্ক : প্রায় একদশকেরও বশি সময় পর ফের ছোটপর্দায় সঞ্চলকের ভূমিকায় নচিকেতা । ‘খুলে বলুন’ নামের বিশেষ শো নিয়ে আসছেন সান বাংলার পর্দায়। ইতিমধ্যেই শোয়ের প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে সাধারণের কথা শোনার এবং তাঁদের কথা সারা বাংলাকে শোনানোর আশ্বাস দিয়েছেন সঞ্চালক নচিকেতা।

‘জীবনমুখী’ গানের সূত্র ধরেই তুমুল জনপ্রিয়তা নচিকেতার। শিল্পীর ‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’-এর মতো গানগুলি এখনও সবার মুখে মুখে। দু’টি চায়ের স্টল রয়েছে শিল্পীর নামে। ‘চা ও নচিকেতা’ এখন পাটুলির অন্যতম ল্যান্ডমার্ক। নচিকেতার নামে ২০১৯ সালে সাতদিনব্যাপী মেলাও হয়েছে হাওড়ায়। হাওড়ার আমতায় ৮০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম তৈরি হয়েছে শিল্পীর নামে। পুজোর আগে শ্যামা সংগীত রেকর্ড করেছেন নচিকেতা। ‘তোকে শ্যামা’ নামের গানটি লিখেছেন গোবিন্দ প্রামাণিক। সুর সাজিয়েছেন রাজকুমার রায়।

সঞ্চালক হিসেবে বরাবর জনপ্রিয় নচিকেতা। ‘ছুটি ছুটি’, ‘সা থেকে সা’, ‘এ তো নয় শুধু গান’, ‘দেয়া নেয়া’, ‘দাদা না দিদি’-র মতো একাধিক শোয়ের সঞ্চলনা করেছেন। মন খুলে কথা বলে দর্শকদের মন জয় করে নিয়েছেন।প্রায় ১৪ বছর পর আবারও টেলিভিশনের দুনিয়ায় ফিরছেন ‘খুলে বলুন’ টক শো নিয়ে। শিল্পীর কথায়, “মন খুলে বলুন। সান বাংলায় আসছি আমি… যাব আপনার শহরে… কথা বলবো আপনার সঙ্গে… এবার আপনি বলবেন, শুনবে সারা বাংলা।”

শোয়ে যোগ দেওয়ার জন্য নিজের সম্পর্কে একটি তিরিশ সেকেন্ডের ভিডিও তৈরি করতে হবে। তারপর তা নাম ও ঠিকানা-সহ পাঠিয়ে দিতে হবে ৯৯০-৩০৮-২৯৭৪ নম্বরে । অবশ্যই কিছু শর্তাবলী প্রযোজ্য থাকছে। ২৪ এপ্রিল, রবিবার হাওড়ার শরৎ সদনে যাচ্ছে ‘খুলে বলুন’ টিম।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?