Home » ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হাওয়া অফিসের

৭ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হাওয়া অফিসের

সময় কলকাতা ডেস্ক:  এক লাফে ৪ ডিগ্রি বাড়ল শহর কলকাতার তাপমাত্রা। গতকাল ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল পারদ। আর আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সকাল থেকেই রোদের দাপট। সকাল ৬টার রোদ দেখলে মনে হচ্ছে ৯টা বেজে গেছে। তার সঙ্গে ততটাই গরম। হাওয়ার লেশ মাত্র নেই। রাত পর্যন্ত গরম হাওয়া। গাছের একটি পাতাও নড়ছে না। গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় আরও অস্বস্তিকর গরমনুভূত হচ্ছে। আগামী ৪-৫ দিনএরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে শহরের তাপমাত্রা। গরমে হাঁসফাঁস দশা শহরবাসীর। এরই মধ্যে আবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামে এই ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। কাজেই আগামী সাতদিন গরমের দাপট সহ্য করতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। মে মাস পড়ার আগেই শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার ঘটনা এর আগে খুব কমই ঘটেছে।

একদিকে যেমন তীব্র দহন জ্বালায় পু়ড়ছে দক্ষিণবঙ্গ, অন্যদিকে উত্তরবঙ্গের জেলা গুলিতে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই উত্তর বঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার কালবৈশাখীর দাপটে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝডে়র দাপটে কোচবিহার জেলায় ৩ জন মারা গিয়েছেন।

About Post Author