সময় কলকাতা ডেস্কঃঅনুব্রত মণ্ডলের ওপর এবার বিশেষভাবে নজরদারি শুরু করলো সিবিআই।বীরভূমের জেলা তৃণমূলের সভাপতির থেকে তাঁর পাসপোর্ট চেয়ে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা।যদিও অনুব্রত মণ্ডল এব্যাপারে স্পষ্ট জানিয়েছেন তাঁর কোনো পাসপোর্ট নেই। তাই এই ব্যাপারে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের সঙ্গেও তারা যোগাযোগ শুরু করে দিয়েছে।
তদন্তসূত্রে জানা গিয়েছে,গত ৬ই এপ্রিল সিবিআইয়ের কাছে অনুব্রত মণ্ডলের গরুপাচার মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল।আর এদিনই তিনি শারীরিক অসুস্থতা নিয়ে এস এস কে এমে ভর্তি হয়ে যান।টানা সতেরো দিন ভর্তি থেকে ২২ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরের দিনই সিবিআই তাঁকে ফের ষষ্ঠবার নোটিশ পাঠায় গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য।কিন্তু স্বভাবসিদ্ধ ভাবেই তিনি হাজিরা দিতে যাননি সিবিআইয়ের কাছে।অভিযোগ,পরের দিন রবিবার অর্থাৎ ২৪ এপ্রিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ফের তাঁকে ডেকে পাঠালেও তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে যাননি।পরিবর্তে,তাঁর আইনজীবী গিয়ে লিখিত ভাবে সিবিআই কে জানিয়ে আসেন তাঁর শারীরিক অসুস্থতার কথা।
এরপর সোমবার সন্ধ্যায় অনুব্রত মণ্ডল সিবিআই-কে তাঁর উকিল মারফৎ একটি মেইল করেন।সেখানে তিনি জানান,আগামী ২৩ শে মে’র পরে তিনি সিবিআইয়ের সঙ্গে দেখা করতে চান।যদিও এ বিষয়ে সিবিআইয়ের কাছে অনুব্রত মণ্ডলের অবশ্যই হাজিরা দেওয়া উচিৎ বলেই শাসক দলের তরফে জানানো হয়েছে।পাশাপাশি এ বিষয়ে সিবিআইয়ের তরফে ইতিমধ্যেই কড়া নজরদারি শুরু হয়ে গিয়েছে। এখন দেখার বিষয় এটাই যে এই বিষয়ে সিবিআই পরবর্তী কি পদক্ষেপ করে।


More Stories
শিলিগুড়ির বিশ্ববাংলা লোগো ভাঙা পড়ল
শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার, সঙ্গে বিদেশ -বীনা, কী বললেন সাংসদ ?
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন