জাহাঙ্গীর বাদশা, পূর্ব মেদিনীপুর, সময় কলকাতাঃ ঘুরতে যাওয়ার কথা বললে যে নামটা সবার আগে আসে আর মধ্যে অন্যতম হল দীঘা। আর এই সুন্দরী দীঘা পর্যটকদের জন্য সেজে উঠছে একেবারে অন্যভাবে। ফুরফুরে সমুদ্রের হাওয়া। আর সেই হাওয়া উপভোগ করতে করতে আপনি পৌঁছে যাবেন এক সৈকত থেকে আর এক সৈকতে। তাজপুর বা মন্দারমণি থেকে সমুদ্রের ধার দিয়েই পৌঁছনো যাবে দীঘা। বহু প্রতীক্ষিত সেই দীঘা-কাঁথি মেরিন ড্রাইভের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। মে মাসেই খুলে যেতে পারে নায়েকালী সেতু।
২০১৫ সালে দীঘা থেকে কাঁথি পর্যন্ত মেরিন ড্রাইভ প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এজন্য ৭০ কোটি টাকা বরাদ্দ করা হয় রাজ্যের তরফে। সমুদ্রবাঁধের ওপর দিয়ে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। সে কাজ এখন প্রায় সম্পূর্ণ করে ফেলেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। মাঝে শঙ্করপুর থেকে জলধা পর্যন্ত ৩ কিলোমিটার বাঁধের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে। সেখানেও সেচ দপ্তর দ্রুততার সঙ্গে মেরামতির কাজ করছে। এছাড়া মন্দারমণি একাংশে বাকি রয়েছে রাস্তা তৈরির কাজ। রাস্তার কাজ ছাড়াও সমুদ্রে সংযোগকারী শঙ্করপুর মৎস্যবন্দর লাগোয়া নায়েকালী, তাজপুর সৈকত লাগোয়া জলধা এবং কাঁথির শৌলাতে তিনটি সেতু তৈরির কাজ সম্পূর্ণ করে এনেছে পূর্ত দপ্তর (হাইওয়ে)। তিনটি সেতুর মধ্যে নায়েকালী সেতু ও অ্যাপ্রোচ রোডের কাজ ইতিমধ্যে পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে।
প্রাকৃতিক দুর্যোগ সহ করোনার কারণে কিছুদিন বন্ধ থাকার পর গত কয়েক মাস রাত-দিন এক করে কাজ করছেন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্নের এই প্রকল্পের নাম দিয়েছেন সৈকত সরণি। সৈকত সরণি ধরে উদয়পুর থেকে নিউ দীঘা, ওল্ড দীঘা, দীঘা মোহনা, নায়েকালী, শঙ্করপুর, জলধা, তাজপুর, মন্দারমণি এবং শৌলা হয়ে কাঁথি পৌঁছানো শুধু এখন সময়ের অপেক্ষা।
জেলা পূর্ত দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার (হাইওয়ে) অনুপ মাইতি বলেন,’ নায়েকালী সেতুর কাজ সম্পূর্ণ হয়েছে। জলধা এবং শৌলার সেতুগুলির প্রায় ৮০ ভাগ কাজ হয়ে গেছে। বাকি কাজ জুনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।’ নায়েকালীর নির্মিত সেতুটিকে দেখতে এখন প্রতিদিনই বহু পর্যটক ভিড় জমাচ্ছেন সেখানে। সেতু পেরিয়ে অনেকে যাতায়াত করছেন শঙ্করপুরে। সৈকত সরণি পার হতে হতে কখনও হারিয়ে যাওয়া সবুজের মাঝে, কখনও বা মন চাইবে মোহনার জলে গা ভাসতে। দিগন্তবিস্তৃত জলাভূমিতে মাছ চাষ আর নানা পাখির দেখাও মিলবে।
বেড়াতে আসা এক পর্যটক কৃষ্ণ ভাওয়াল বলেন, ‘মেরিন ড্রাইভের ওপর উঠলেই মনে হয়, যেন স্বর্গে চলে এসেছি। সমুদ্রের বুকে সূর্যোদয়, সূর্যাস্ত আছে। আর আছে ম্যানগ্রোভের সৌন্দর্য। মাছ ধরছেন মৎস্যজীবীরা। মৎস্য খামারে পাখির ভিড়। এছাড়া বন্দরে আসা-যাওয়া রয়েছে লঞ্চ-ট্রলারের। যা সকলেরই মন ছুঁয়ে যাবে।’ সম্প্রতি নায়েকালী মন্দিরকে ঘিরেও পর্যটন অঞ্চলের রূপান্তরের কাজ শুরু করেছে রাজ্য পর্যটন দপ্তর। যা বাস্তবায়িত হলে আরও বেড়ে যাবে এলাকার সৌন্দর্য।
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রীই এ ধরনের মেগা প্রজেক্ট বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন। তার অসামান্য উদ্যোগ দীঘা সহ গোটা রাজ্যের জন্য এই সাফল্য অর্জন এবং গৌরব বয়ে এনেছে। এতে দিঘার প্রতি পর্যটকদের যেমন আকর্ষণ বাড়বে তেমনি কাঁথি থেকে দিঘার আসার একটি বিকল্প রাস্তা খুলে যাবে। এলাকার পর্যটন ব্যবসা সহ সব ক্ষেত্রেই অভাবনীয় উন্নয়ন ঘটবে, পুরো এলাকার চেহারাটাই পাল্টে যাবে।’
সূত্রের খবর আগামী মে মাসের প্রথম সপ্তাহে পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসবেন মুখ্যমন্ত্রী। তাজপুর সমুদ্র বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি। একই সঙ্গে দীঘা থেকে শঙ্করপুর যাওয়ার জন্য নায়েকালী সেতু পর্যটকদের জন্য আনুষ্ঠানিক ভাবে খুলে দেওয়া হতে পারে। তবে এবিষয়ে প্রশাসনিকভাবে কোনও খবর মেলিনি।
উল্লেখ্য, গত এক দশকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিশ্ব দরবারে নতুন এক পরিচিত পেয়েছে সৈকতনগরী। এখন ‘সৈকত সরণি তৈরি হলে তা দিঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণির পর্যটনের মানকে অনেকটা এগিয়ে দেবে। পাশাপাশি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংলগ্ন এলাকাবাসীর জীবনযাত্রার মানও উন্নত হবে বলে আশা জেলা প্রশাসনের। সৈকতের পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সৈকত সরণি হবে নতুন একটি মাইলফলক।


More Stories
এবার ছটপুজোয় মাংসের দোকান বন্ধের নির্দেশ
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?