সময় কলকাতা ডেস্ক : রাজ্যে জুড়ে বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। চাতক পাখির মতন বৃষ্টির জন্য আকাশের দিকে মুখ করে আছে বঙ্গ বাসী। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। লাগাতার তাপপ্রবাহের জেরে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলগুলিতে সকালে ক্লাস করানোর নির্দেশিকা জারি করেছিল বিকাশ ভবন। এবার সেই পথেই হাঁটতে পারে কলকাতা পৌরসংস্থার বিভিন্ন স্কুল।
বর্তমানে কলকাতা পৌরসংস্থার অর্ন্তগত প্রায় ২৪১ টি স্কুল শুরু হয় দিবা বিভাগে। এবার থেকে এই স্কুলগুলিতে সকালে ক্লাস চালু করার সিদ্ধান্ত নিতে চলেছে শিক্ষা দপ্তর। শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কলকাতা পৌর সংস্থার মেয়র পারিষদ(শিক্ষা) সন্দীপন সাহা। তিনি বলেন স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনেই আমরা সব ধরনের সিদ্ধান্ত নেব।স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করলেই আমরা এই দুপুরের বদলে সকালে স্কুল চালু করব।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা গুলির মধ্যে নদীয়া জেলার তাপমাত্রা অন্যান্য জেলায় তুলনায় বেশ কিছুটা বেশিই থাকে। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে বুধবার থেকেই নদীয়া জেলা জুড়ে সকালে স্কুল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের নদীয়া জেলার সভাপতি জয়ন্ত সাহা।
রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় তাপপ্রবাহের ফলে ইতিমধ্যেই বেশ কিছু সতকর্তা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক মহল। অভিভাবকদেরও শিশুদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে । ফলে স্কুল শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি