Home » করোনা মহামারীর অসুস্থতা কাটিয়ে ফের ছন্দে বেলুড় মঠ, ১২৫ তম বর্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান রামকৃষ্ণ মিশনে

করোনা মহামারীর অসুস্থতা কাটিয়ে ফের ছন্দে বেলুড় মঠ, ১২৫ তম বর্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান রামকৃষ্ণ মিশনে

সময় কলকাতা ডেস্কঃ করোনার মহামারীর অসুস্থতা কাটিয়ে ফের ছন্দে ফিরেছে বেলুড় মঠ। রবিবার ১২৫ তম বর্ষে পদার্পণ করলো বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন হল বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫তম বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠান।এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বেলুড় মঠে সকাল ৯টা থেকে ১১.৩০ অবধি ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়। যদিও এই অনুষ্ঠান সূচির কথা আগেই মঠ কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানান হয়েছিল। এদিন দুপুর ৪টা থেকে ৬.১০মিনিট পর্যন্ত এই উদ্বোধনী অনুষ্ঠান চলবে।পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তদের আশীর্বাণী শোনান  সঙ্ঘাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সঙ্ঘাধ্যক্ষ মহারাজ বৃন্দ, সাধারণ সম্পাদক, মহারাজ ও অন্যান্য  সন্ন্যাসীগণ।এরপর এদিন বিকেলে সন্ধ্যারতির পর থাকবে সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান।উদ্বোধনী অনুষ্ঠানে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ অবাধ থাকবে বলেই জানান হয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষের পক্ষ থেকে।

প্রসঙ্গত, গত দুবছর বেলুড় মঠের ভিতরের দর্শনীয় স্থানগুলিতে করোনা বিধি নিষেধের কারণে ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রিত থাকলেও এদিন তা তুলে নেওয়া হয়। মঠ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে,বেলুড় মঠের অভ্যন্তরে চারটি মন্দির ছাড়াও পুরোনো ঠাকুরঘর, স্বামী বিবেকানন্দের বাসকক্ষ ও পুরোনো মঠদর্শন ও প্রণাম নিবেদন করতে পারবেন ভক্ত ও  দর্শনার্থীরা।এছাড়াও মন্দিরগুলিতে বসে উপাসনা করতে পারবেন তারা।এমনকি শ্রীশ্রী মায়ের ঘাটও পুনরায় ব্যবহার করতে পারবেন ভক্তরা।দীর্ঘ দুবছর অতিমারি করোনার  প্রকোপে মঠের রন্ধনশালা বন্ধ থাকলেও ফের তা চালু করার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল বেলুড় মঠ কর্তৃপক্ষ।তাই ওই রন্ধনশালাতে তৈরি ভোগ নিবেদিত হবে ঠাকুরের উদ্দেশে।পাশাপাশি আজকের এই বিশেষ দিনে সেই ভোগ আগের মতোই ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

একইসঙ্গে এদিন সন্ধ্যায় আগের মতন সন্ধ্যারতির সময় মন্দিরে বসতে ও আরতি দর্শন করতে পারবেন বেলুড় মঠে আগত সমস্ত দর্শনার্থী ও ভক্তরা।এই অনুষ্ঠানে বেলুড় মঠ থেকে প্রবেশপত্র পাওয়া যাবে বলেই জানা গিয়েছে।মে মাসের ২৪ তারিখে সকাল ৯টা থেকে ১১-৩০ ও বিকাল ৪.৩০ থেকে ৬টা পর্যন্ত প্রবেশ পত্র সংগ্রহ করতে পারবেন ভক্তরা। প্রতি একজনকে সর্ব্বোচ্চ ২টি করে প্রবেশপত্র দেওয়ার কথা জানিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।প্রতিটি প্রবেশপত্র সংগ্রহের মূল্য ৫০ টাকা করে ধার্য করা হয়েছে।

About Post Author