সময় কলকাতা ডেস্কঃসবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো?একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে।তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন হায়দ্রাবাদী চিকেন।বিশেষ করে পরোটা বা নানের সাথে একবার এই চিকেনের রেসিপি খেলে আর ভুলতে পারবেন না।

উপকরণ
চিকেন-৫০০ গ্রাম
রোস্ট করা বাদাম ও সাদা তিল একসাথে বাটা -২কাপ
দই -১ কাপ
আদা রসুন বাটা -১ টেবিল চামচ
পেঁয়াজ ভাজা -২টি
লঙ্কা বাটা-৩ টেবিল চামচ
লেবুর রস বা ভিনিগার -২ টেবিল চামচ
হলুদ -২ চা চামচ
তেল -৩ টেবিল চামচ
নুন -স্বাদমতো
বড়ো এলাচ – ১ টি
ছোটো এলাচ – ২টি
লবঙ্গ -২ টি
দারচিনি -১ইঞ্চি
গোটা গোলমরিচ -৮ টি
তেজপাতা -২ টি
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো-২ চামচ
তেল -৫ টেবিল চামচ
গোটা কাঁচা লঙ্কা -৩ টি

কিভাবে রান্না করবেন
চিকেন পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে নিয়ে তার মধ্যে একে একে বাদাম-তিল বাটা, দই, আদা রসুন বাটা, পেঁয়াজ ভাজা, লঙ্কা বাটা, লেবুর রস, হলুদ, তেল ও নুন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার পাত্রটি ভালো ভাবে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে ২-৩ ঘন্টা রেখে দিতে হবে।রান্না শুরু করার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে চিকেনটা বের করে রাখুন।এবার কড়াইয়ে তেল দিন।তেল গরম হলে এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, গোলমরিচ দিয়ে গন্ধ বের হলে ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে ১ মিনিট মতো খুব ভালো করে নেড়েচেড়ে নিন।কাশ্মীরি লঙ্কা গুলো দিয়ে দিন। এই সময়টা গ্যাস বাড়িয়ে রাখুন।

৩ মিনিট পর গ্যাসের আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে দিন।এবার পরিমাণ মতো অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিন।১৫ মিনিট পর একবার নেড়েচেড়ে আবার ঢাকা দিন।
১০ মিনিট পর আবার ঢাকা খুলে একবার নেড়েচড়ে ঢাকা দিন। একটু খেয়াল রাখতে হবে চিকেন কড়াইতে যেন লেগে না যায়।এরপর চিকেন থেকে তেল ছাড়তে শুরু করলে ৫ মিনিট পর আবার একবার নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিন।চিকেন থেকে সম্পূর্ণ তেল ছেড়ে এলে একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন।এবার পরোটা, নান বা পোলাও এর সাথে গরম গরম পরিবেশন করুন হায়দ্রাবাদী চিকেন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার